Dhaka Mail Logo

অর্থনীতি

এলসি বাড়লেও কমেছে বিনিয়োগের যন্ত্রপাতি আমদানি

মুহা. তারিক আবেদীন ইমন

০৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

  • সামগ্রিক আমদানি ব্যয় বেড়েছে ১৫.৪ শতাংশ
  • আমদানি ব্যয় বৃদ্ধির প্রায় ৮০ শতাংশই জ্বালানি খাতে
  • মধ্যবর্তী পণ্য আমদানি বেড়েছে ২২.৭ শতাংশ
  • ভোগ্যপণ্য আমদানি ব্যয় বেড়েছে ২৬.৫ শতাংশ
  • বেসরকারি খাতে অর্থের প্রবাহ বাড়ানোর তাগিদ

দেশে আমদানি ঋণপত্র (এলসি) খোলার প্রবণতা বাড়লেও শিল্পকারখানা স্থাপন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে। সামগ্রিক আমদানি ব্যয় বাড়ার মধ্যেও বিনিয়োগের অন্যতম প্রধান উপকরণ আমদানিতে এই নিম্নমুখী প্রবণতা অর্থনীতির জন্য ভিন্ন বার্তা দিচ্ছে। একদিকে জ্বালানি, ভোগ্যপণ্য ও উৎপাদনসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ আমদানিতে ব্যয় বাড়ছে, অন্যদিকে নতুন বিনিয়োগ ও শিল্পের সক্ষমতা বাড়ানোর যন্ত্রপাতি আমদানি কমছে। এতে দেশের আমদানি কার্যক্রমে প্রবৃদ্ধি থাকলেও সেই প্রবৃদ্ধি কতটা নতুন বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশে মোট আমদানি ব্যয় হয়েছে ২ হাজার ৪২ কোটি ৬৮ লাখ ডলার। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে আমদানি ব্যয় ছিল ১ হাজার ৭৭০ কোটি ৫৩ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশের মোট আমদানি ব্যয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। অথচ একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ব্যয় কমেছে ২২ দশমিক ৫ শতাংশ। তিন মাসে এ খাতে আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৭৬ কোটি ৯৩ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯৯ কোটি ২৫ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যয় কমেছে ২২ কোটি ৩২ লাখ ডলার।

শুধু মূলধনী যন্ত্রপাতি নয়, সামগ্রিক মূলধনী পণ্য আমদানিতেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। আলোচ্য সময়ে মূলধনী পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ২৪৬ কোটি ৩১ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ২৮৫ কোটি ৯ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ খাতে আমদানি ব্যয় কমেছে ১৩ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে অন্যান্য মূলধনী পণ্য আমদানিও কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ বিনিয়োগ ও শিল্পের দীর্ঘমেয়াদি উৎপাদন সক্ষমতা তৈরিতে ব্যবহৃত পণ্য আমদানির প্রায় সব ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা রয়েছে।

অন্যদিকে আমদানি ব্যয়ের সামগ্রিক প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জ্বালানি পণ্য। জুলাই-সেপ্টেম্বর সময়ে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪২২ কোটি ৩৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ২০৫ কোটি ৬৩ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ১০৫ দশমিক ৪ শতাংশ। টাকার অঙ্কে নয়, ডলারের হিসাবে এ খাতে অতিরিক্ত ব্যয় হয়েছে ২১৬ কোটি ৭৫ লাখ ডলার।

জ্বালানি আমদানির উপখাতেও ব্যয়ের বড় উল্লম্ফন দেখা গেছে। অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানিতে ব্যয় আগের অর্থবছরের একই সময়ের ২৩ কোটি ৪০ লাখ ডলার থেকে বেড়ে ৫১ কোটি ৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ১১৮ দশমিক ১ শতাংশ। একই সময়ে পরিশোধিত পেট্রোলিয়াম বা পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে ব্যয় ১৮২ কোটি ২৩ লাখ ডলার থেকে বেড়ে ৩৭১ কোটি ৩৫ লাখ ডলারে পৌঁছেছে। এ ক্ষেত্রে ব্যয় বেড়েছে ১০৩ দশমিক ৮ শতাংশ।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মোট আমদানি ব্যয় বৃদ্ধির বড় অংশই এসেছে জ্বালানি খাত থেকে। তিন মাসে দেশের মোট আমদানি ব্যয় বেড়েছে ২৭২ কোটি ১৫ লাখ ডলার। এর মধ্যে শুধু পেট্রোলিয়াম পণ্য আমদানিতেই অতিরিক্ত ব্যয় হয়েছে ২১৬ কোটি ৭৫ লাখ ডলার। অর্থাৎ মোট আমদানি ব্যয় বৃদ্ধির প্রায় ৮০ শতাংশ এসেছে এ খাত থেকে। ফলে সামগ্রিক আমদানি ব্যয় বাড়লেও সেই প্রবৃদ্ধির বড় অংশ নতুন শিল্প স্থাপন বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর যন্ত্রপাতি আমদানির কারণে হয়নি; বরং জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ই এর প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।

আমদানির আরেকটি বড় খাত মধ্যবর্তী পণ্য। শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত এসব উপকরণের আমদানি ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আলোচ্য তিন মাসে মধ্যবর্তী পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ৯৪ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ১ হাজার ১০৭ কোটি ৩১ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে এ খাতে আমদানি ব্যয় বেড়েছে ২২ দশমিক ৭ শতাংশ। মোট আমদানি ব্যয়ের সবচেয়ে বড় অংশই রয়েছে এই শ্রেণির পণ্যে।

মধ্যবর্তী পণ্যের মধ্যে তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪৬১ কোটি ২১ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ৪৪৮ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এ খাতে আমদানি ব্যয় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। তৈরি পোশাকশিল্পের উৎপাদনে ব্যবহৃত সুতা আমদানিতে ব্যয় ৯০ কোটি ২ লাখ ডলার থেকে বেড়ে ৯৮ কোটি ৭৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭ শতাংশ। একইভাবে বস্ত্র উপকরণ আমদানিতে ব্যয় ২১৬ কোটি ৬৪ লাখ ডলার থেকে বেড়ে ২৩৪ কোটি ৫২ লাখ ডলারে পৌঁছেছে। এ খাতে ব্যয় বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ।

তবে পোশাকশিল্পের কাঁচামাল আমদানির সব উপখাতে প্রবৃদ্ধি হয়নি। কাঁচা তুলা আমদানিতে ব্যয় আগের অর্থবছরের একই সময়ের ৮৪ কোটি ৯৮ লাখ ডলার থেকে কমে ৭২ কোটি ৭৫ লাখ ডলারে নেমেছে। অর্থাৎ এ খাতে আমদানি ব্যয় কমেছে ১৪ দশমিক ৪ শতাংশ। সুতা ও বস্ত্র উপকরণ আমদানি বাড়লেও কাঁচা তুলা আমদানি কমে যাওয়ায় পোশাকশিল্পের কাঁচামাল আমদানিতে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে।

অন্যান্য মধ্যবর্তী পণ্য আমদানিতেও ব্যয় বেড়েছে। এ খাতে আমদানি ব্যয় ৪৫২ কোটি ৭৮ লাখ ডলার থেকে বেড়ে ৪৭৫ কোটি ৩৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। এর মধ্যে তেলবীজ আমদানি ব্যয় বেড়েছে ৫১ দশমিক ৭ শতাংশ এবং ওষুধশিল্পসংশ্লিষ্ট পণ্যের আমদানি ব্যয় বেড়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ। বিপরীতে লোহা, ইস্পাত ও মৌলিক ধাতু আমদানিতে ব্যয় ১৫৮ কোটি ১৫ লাখ ডলার থেকে কমে ১৪৭ কোটি ৯৫ লাখ ডলারে নেমেছে। এ খাতে আমদানি ব্যয় কমেছে ৬ দশমিক ৫ শতাংশ।

এদিকে ভোগ্যপণ্য আমদানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১৩৯ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ১১০ কোটি ৬৪ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ভোগ্যপণ্য আমদানি ব্যয় বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। এ খাতের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেল ও ডাল আমদানি ব্যয়।

ভোজ্যতেল আমদানিতে ব্যয় ৫৭ কোটি ২০ লাখ ডলার থেকে বেড়ে ৮৮ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ৫৪ দশমিক ২ শতাংশ। ডাল আমদানিতে ব্যয় ৭ কোটি ১০ লাখ ডলার থেকে বেড়ে ১২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। এ খাতে আমদানি ব্যয় বেড়েছে ৭৪ দশমিক ৭ শতাংশ। চিনির আমদানি ব্যয়ও ২০ কোটি ১৭ লাখ ডলার থেকে বেড়ে ২১ কোটি ৭২ লাখ ডলারে দাঁড়িয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৭ শতাংশ। মসলা আমদানিতে ব্যয় ৯ কোটি ৮১ লাখ ডলার থেকে বেড়ে ১০ কোটি ১২ লাখ ডলারে পৌঁছেছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২ শতাংশ।

তবে ভোগ্যপণ্যের সব উপখাতে আমদানি ব্যয় বাড়েনি। দুধ ও ক্রিম আমদানিতে ব্যয় আগের অর্থবছরের একই সময়ের ১৬ কোটি ৩৬ লাখ ডলার থেকে কমে ৭ কোটি ৪৫ লাখ ডলারে নেমেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ খাতে আমদানি ব্যয় কমেছে ৫৪ দশমিক ৫ শতাংশ। ফলে ভোগ্যপণ্য আমদানির সামগ্রিক প্রবৃদ্ধির মধ্যেও পণ্যভেদে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে।

খাদ্যশস্য আমদানিতেও ব্যয় বেড়েছে। আলোচ্য সময়ে খাদ্যশস্য আমদানিতে মোট ব্যয় হয়েছে ৪৭ কোটি ৩৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ৪২ কোটি ৬১ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ খাতে আমদানি ব্যয় বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ। তবে চাল ও গম আমদানির চিত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। চাল আমদানিতে ব্যয় ১৪ কোটি ৮২ লাখ ডলার থেকে কমে মাত্র ১ কোটি ২৪ লাখ ডলারে নেমেছে। এতে চাল আমদানি ব্যয় কমেছে ৯১ দশমিক ৬ শতাংশ। বিপরীতে গম আমদানিতে ব্যয় ২৭ কোটি ৭৯ লাখ ডলার থেকে বেড়ে ৪৬ কোটি ১৪ লাখ ডলারে দাঁড়িয়েছে। এ খাতে ব্যয় বেড়েছে ৬৬ শতাংশ। অর্থাৎ খাদ্যশস্য আমদানির মোট ব্যয় বাড়লেও এর পেছনে চাল নয়, গম আমদানির বাড়তি ব্যয়ই প্রধান ভূমিকা রেখেছে।

এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য আমদানির চিত্রেও সামান্য পরিবর্তন দেখা গেছে। রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) আমদানি ব্যয় আগের অর্থবছরের একই সময়ের ১১১ কোটি ৩১ লাখ ডলার থেকে কমে ১১০ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। এতে এ খাতে আমদানি ব্যয় কমেছে ১ দশমিক ১ শতাংশ। অন্যদিকে অন্যান্য অনির্দিষ্ট শ্রেণির পণ্য আমদানিতে ব্যয় ২২৪ কোটি ৮৭ লাখ ডলার থেকে বেড়ে ২৫০ কোটি ১৬ লাখ ডলারে পৌঁছেছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৩ শতাংশ।

সব মিলিয়ে আমদানির পরিসংখ্যানে এক ধরনের দ্বিমুখী প্রবণতা স্পষ্ট। একদিকে জ্বালানি, ভোগ্যপণ্য এবং উৎপাদনসংশ্লিষ্ট মধ্যবর্তী পণ্য আমদানিতে ব্যয় বাড়ছে। অন্যদিকে নতুন বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে। অর্থাৎ বিদ্যমান অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যয় বাড়লেও ভবিষ্যৎ উৎপাদন সক্ষমতা তৈরির উপকরণ আমদানিতে একই ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না।

অর্থনীতির জন্য এ প্রবণতা গুরুত্বপূর্ণ। কারণ, জ্বালানি ও মধ্যবর্তী পণ্য আমদানি মূলত বিদ্যমান শিল্পকারখানা ও উৎপাদন কার্যক্রম চালু রাখার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে মূলধনী যন্ত্রপাতি আমদানি নতুন শিল্প স্থাপন, কারখানার আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম নির্দেশক। ফলে সামগ্রিক আমদানি ব্যয় বাড়লেও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়াকে বিনিয়োগের গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে অর্থায়নের সুযোগ, ঋণের প্রবাহ, ব্যবসায়িক পরিবেশ ও নীতিগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলে উদ্যোক্তারা নতুন প্রকল্প হাতে নেওয়া কিংবা বিদ্যমান কারখানার সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারেন। এর প্রভাব মূলধনী যন্ত্রপাতি আমদানিতে পড়তে পারে। তবে শুধু আমদানি ব্যয়ের পরিসংখ্যান দিয়ে বিনিয়োগের সামগ্রিক পরিস্থিতি নির্ধারণ করা যায় না। আন্তর্জাতিক বাজারে যন্ত্রপাতির দাম, আমদানির পরিমাণ, প্রকল্প বাস্তবায়নের সময়সূচি, বিনিময় হার, ঋণপ্রাপ্তি এবং ব্যবসায়িক পরিবেশের মতো বিষয়ও এ ক্ষেত্রে প্রভাব ফেলে।

এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী ঢাকা মেইলকে বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে বেসরকারি খাত। এই খাতে টাকার প্রবাহ কমে যাওয়ার মানে ধরে নিতে হবে অর্থনীতির কার্যক্রমের গতি কমে যাচ্ছে। দেশের বেকারদের কর্মসংস্থান এমনিতেই কমের দিকে। কর্মসংস্থান বাড়াতে হবে। এজন্য বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে টাকার জোগান বাড়াতে হবে। শিল্প এগিয়ে গেলে অর্থনীতি সমৃদ্ধ হবে।

টিএই/জেবি