Dhaka Mail Logo

অর্থনীতি

হয়রানিমুক্ত পরিবেশে রাজস্ব আদায় বাড়ানোই এনবিআরের লক্ষ্য: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করে রাজস্ব আদায় বাড়ানোই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহসান হাবিব।

তিনি বলেছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের শতভাগ সততা, পেশাদারত্ব ও সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কর কমিশনারদের যোগদান উপলক্ষে রাজধানীর এনবিআর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেস) অ্যাসোসিয়েশন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনাদের হাতে যে ক্ষমতা ও সুযোগ সরকার দিয়েছে, সেটিকে চিরস্থায়ী ও টেকসই করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় সাহস।’

তিনি বলেন, ‘এনবিআরের প্রতিটি সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, বরং তা সম্মিলিত। তাই এনবিআরের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে।’

আহসান হাবিব বলেন, ‘করদাতাদের অটোমেশন ও অনলাইন সেবার আওতায় আনার ফলে হয়রানি ও অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অর্থবছর প্রায় ৫০ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। ’

চলতি অর্থবছর অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিসিএস (ট্যাক্সেস) অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ নেতা, এনবিআরের সদস্য এবং নতুন যোগদানকারী সহকারী কর কমিশনাররা উপস্থিত ছিলেন।

এমআর/এএম