ফিচার প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
আগামী ৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এই প্রদর্শনীটির আয়োজন করছে।
সোমবার (২ নভেম্বর) ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অ্যামচেমের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল, ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট, ইউএস ট্রেড শোর (ইউএসটিএস) আহ্বায়কবৃন্দ এবং অ্যামচেমের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার তিন দশক পূর্তি উদযাপনের অংশ হিসেবে এবারের এই বিশেষ আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক খাতের ৩৬টি প্রতিষ্ঠান এবং সাতটি স্টার্টআপসহ মোট ৪৩টি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে আমেরিকার বিভিন্ন খ্যাতনামা পণ্য ও সেবার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য আমেরিকান চেম্বার অব কমার্সের বাণিজ্যিক প্রতিনিধিদলও অংশ নেবে।
প্রদর্শনী প্রাঙ্গণে মার্কিন পণ্য দেখা ও তা সরাসরি কেনার জন্য হেরিটেজ কর্নারসহ বিশেষ জোন থাকছে।
এ ছাড়া প্রদর্শনীর পাশাপাশি ছয়টি বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে নীতি নির্ধারক, শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞগণ দুই দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করবেন।
দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
এই প্রদর্শনী ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের কোনো ধরনের নিবন্ধন ফি দিতে হবে না। তবে প্রদর্শনীতে সহজে প্রবেশের সুবিধার্থে আগেই অনলাইনে নিবন্ধন করে তিন দিন মেয়াদী ডিজিটাল পাস সংগ্রহ করতে হবে। একবার অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে এই পাস দিয়ে তিন দিনই ভেন্যুতে প্রবেশ করা যাবে।
আয়োজকদের প্রত্যাশা, এই ট্রেড শোতে প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে, যা দুই দেশের মধ্যকার ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এজেড/এসআই