Dhaka Mail Logo

অর্থনীতি

ট্যুরিজম ফেয়ার: শেষ দিনেও দর্শনার্থীদের ভিড়, মিলছে বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে রাজধানীতে চলছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬।

শনিবার (৩১ অক্টোবর) মেলার শেষ দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে বিমান টিকিট, হোটেল বুকিং, ক্রুজ ভ্রমণ ও ভিসা প্রক্রিয়াকরণে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এসব অফার নিতে শেষ দিনে দর্শনার্থীদের মধ্যে আগ্রহও দেখা গেছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে ১৪তম এ মেলা আজ রাত ৮টা পর্যন্ত চলবে।

বিটিটিএফতে ইউএস-বাংলার বিমান টিকিটে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়

মেলায় ইউএস-বাংলা এয়ারলাইনস নির্দিষ্ট গন্তব্যের বিমান টিকিটে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

প্রতিষ্ঠানটির বিক্রয় সমন্বয়কারী মো. মেহেদী হাসান জানান, আন্তর্জাতিক রুটের টিকিটে ১২ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। মোট ১৯টি গন্তব্যের জন্য এ অফার প্রযোজ্য। এর মধ্যে আন্তর্জাতিক গন্তব্য ১৪টি এবং অভ্যন্তরীণ পাঁচটি।

মেহেদী হাসান বলেন, চীনের গুয়াংজু, ভারতের চেন্নাই, সৌদি আরবের জেদ্দা ও দুবাই রুটের টিকিটের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

আরও পড়ুন: পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জরুরি: সচিব

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও মেলায় ১৭টি গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে।

প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কর্মকর্তা মো. মহসিন এ তথ্য জানিয়েছেন।

বিটিটিএফতে ক্রুজ ভ্রমণ ও হোটেল বুকিংয়ে বিশেষ অফার

বিমান টিকিটের পাশাপাশি সুন্দরবন ভ্রমণের ক্রুজ ও হোটেল বুকিংয়েও মিলছে ছাড়। মেলা উপলক্ষে ওয়েভ নামের একটি প্রতিষ্ঠান সুন্দরবনগামী ক্রুজ ভ্রমণে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী রুমন মিয়া জানান, খুলনার জেলখানা ঘাট থেকে ক্রুজে সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা রয়েছে। দুই রাত ও তিন দিনের এ প্যাকেজের মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: পর্যটন মেলায় ইউএস-বাংলার টিকিটে ১৫ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড়

অন্যদিকে সি পার্ল হোটেল বুকিংয়ের পাশাপাশি ক্রুজ ভ্রমণেও বিশেষ সুবিধা দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা রাহাত রহমান বলেন, হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়ের পাশাপাশি ক্রুজ ভ্রমণে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। সুন্দরবন ভ্রমণের জন্য ১২ থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজও পাওয়া যাচ্ছে।

বিটিটিএফতে ভিসা প্রক্রিয়াকরণে অর্ধেক ছাড়

ভ্রমণসেবা প্রতিষ্ঠান ট্রিপ সাইলো মেলায় ভিসা প্রক্রিয়াকরণ সেবায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি নিলুফা নিপা বলেন, বিভিন্ন দেশের ভ্রমণ প্যাকেজ নিয়ে তাঁরা মেলায় অংশ নিয়েছেন। বিশেষ করে সড়কপথে ভুটান ভ্রমণে মানুষের আগ্রহ বাড়ছে। বিমানপথের তুলনায় বাসে যাতায়াত করলে খরচ প্রায় এক-তৃতীয়াংশ কম হতে পারে।

আরও পড়ুন: ‘পর্যটনশিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভুটান ভ্রমণে ছয় রাত ও পাঁচ দিনের প্যাকেজের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা। প্যাকেজে সকালের নাশতা ও রাতের খাবার অন্তর্ভুক্ত রয়েছে।

বিটিটিএফতে বিদেশে চিকিৎসাসেবায়ও বিশেষ সুবিধা

পর্যটন মেলায় শুধু অবকাশযাপন নয়, বিদেশে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সম্পর্কেও তথ্য দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যাংকক হসপিটালের বাংলাদেশ প্রতিনিধি ডা. মেহেনাজ তাবাসসুম বলেন, তাঁদের হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বয়সভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সেবায় মেলা উপলক্ষে বিশেষ অফার দেওয়া হচ্ছে।

চীনের মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজুর প্রতিনিধি মো. আকাশ বলেন, বাংলাদেশ থেকে নিয়মিত রোগীরা ওই হাসপাতালে চিকিৎসা নিতে যান। প্রতি মাসে ৩০ থেকে ৪০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নেন। রোগের ধরন ও চিকিৎসাপদ্ধতি অনুযায়ী ব্যয়ের পরিমাণ নির্ধারিত হয়। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় মাসে প্রায় ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এ ছাড়া আসা-যাওয়ার বিমানভাড়া বাবদ ৭০ থেকে ৯০ হাজার টাকা ব্যয় হতে পারে।

বিটিটিএফতে ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থী

টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, মেলায় ২০টির বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান। মেলার প্রধান পৃষ্ঠপোষক ইউএস-বাংলা এয়ারলাইনস।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও প্রদর্শনীকেন্দ্র এবং ২২০টির বেশি প্রদর্শক অংশ নিয়েছেন। তাঁদের প্রত্যাশা, মেলায় ২৫০ জনের বেশি সম্ভাবনাময় ব্যবসায়ী ক্রেতা, আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম হবে।

চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে বিমান সংস্থা, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা তুলে ধরছে। আয়োজকদের আশা, এ আয়োজনের মধ্য দিয়ে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়বে, বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং পর্যটন খাতে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।

এম/এএম