Dhaka Mail Logo

অর্থনীতি

ডিএসই: ৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, রূপালী ব্যাংকের লোকসান ৫৩০%

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪টি ব্যাংকের মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে ৯টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। বিপরীতে কমেছে ৪টির মুনাফা, আর লোকসান বেড়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মুনাফার সঙ্গে আগের বছরের একই সময়ের তুলনা করে এ চিত্র পাওয়া গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি মুনাফা বেড়েছে ডাচ্‌-বাংলা ব্যাংকের। ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ১৫ পয়সা হয়েছে। এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩ টাকা ৬৩ পয়সা বা ১৪৪ শতাংশ।

এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৪৮০ শতাংশ

পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ৫ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ১৫ পয়সা হয়েছে। এতে মুনাফা বেড়েছে ৭৪ শতাংশ। ব্র্যাক ব্যাংকের ইপিএস ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি। ইস্টার্ন ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ৩ টাকা ৫৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪৩ শতাংশ।

এ ছাড়া ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি মুনাফা ৩৭ শতাংশ, যমুনা ব্যাংকের ২০ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ৮১ শতাংশ বেড়েছে। এনআরবিসি ব্যাংকের ইপিএস ১০ পয়সা থেকে বেড়ে ৫৮ পয়সা হয়েছে। শতাংশের হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪৮০ শতাংশ। তবে আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ কম থাকায় এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার বেশি দেখা যাচ্ছে।

চার ব্যাংকের মুনাফা কমেছে, বড় লোকসানে রূপালী ব্যাংক

অন্যদিকে কয়েকটি ব্যাংকের মুনাফায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ওয়ান ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা হয়েছে। এতে মুনাফা কমেছে ১৮ শতাংশ। ইউসিবির ইপিএস ৩২ পয়সা থেকে কমে ২৬ পয়সায় নেমেছে, যা ১৯ শতাংশ কম। ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ২ টাকা ৫৫ পয়সা থেকে কমে ২ টাকা ১৭ পয়সা হয়েছে। আর এমটিবির ইপিএস ১ টাকা ৯২ পয়সা থেকে কমে ১ টাকা ৭৬ পয়সায় দাঁড়িয়েছে।

তবে মুনাফার পরিবর্তে লোকসান বৃদ্ধির কারণে সবচেয়ে নেতিবাচক অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা প্রায় ৫৩০ শতাংশ।

এদিকে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও (এনএভি) উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৫৭ টাকা ৫৬ পয়সা, ডাচ্‌-বাংলা ব্যাংকের ৬২ টাকা ৯৫ পয়সা এবং ব্র্যাক ব্যাংকের ৫৬ টাকা ৪০ পয়সা। বিপরীতে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য মাত্র ৮ টাকা ৪৯ পয়সা।

এম/এএম