Dhaka Mail Logo

অর্থনীতি

কাল খোলা থাকবে সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

সাপ্তাহিত ছুটির দিন হলেও আগামীকাল শনিবার সরকারি দফতরের পাশাপাশি ব্যাংকের দেনদেন স্বাভাবিক থাকবে। একই সঙ্গে লেনদেন হবে শেয়ারবাজারেও। দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি সুযোগ করে দিতে শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ার বাজার খোলা থাকবে।

গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে, গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারের এমন সিদ্ধান্তের ফলে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করবেন চাকরিজীবীরা। সচিবালয় সহ সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করবেন। এ ছাড়া ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। ২২ অক্টোবর অফিস খোলা থাকলেও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা পাঁচ দিনের (২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তারা। তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে কাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে