Dhaka Mail Logo

অর্থনীতি

বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায় বাংলাদেশ-চায়না এক্সিম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন, বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও চায়না এক্সিম ব্যাংক। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ, জাতীয় গ্রিডে আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা চালু এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন বিদ্যুৎ নেটওয়ার্ক উন্নয়নে অর্থায়ন দ্রুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, সরকারি-বেসরকারি পর্যায়ের পরিবর্তে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং ডিপিডিসির আওতাধীন বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে অর্থায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নের বিষয়টিও গুরুত্ব পায়।

বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বলেন, স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। পায়রা বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক উন্নয়নে দ্রুত অর্থায়নের বিষয়টি বিবেচনার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান। 

নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৬-এর আওতায় পরিচ্ছন্ন জ্বালানিতে বাংলাদেশের রূপান্তরের প্রসঙ্গ তুলে ধরে তিনি ভবিষ্যৎ প্রকল্পগুলোর অর্থায়ন দ্রুত করার আহ্বান জানান। বিশেষ করে জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়ন, পায়রা বিদ্যুৎকেন্দ্রের পরবর্তী পর্যায়ের সম্প্রসারণ এবং ডিপিডিসির বিদ্যুৎ সঞ্চালন লাইন শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। এ সময় বাংলাদেশে ব্যাংকটির অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শনের জন্য ওয়াং চুনইংকে আমন্ত্রণ জানান মন্ত্রী।

চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাংকের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। সবুজ জ্বালানি খাতে জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক বিনিয়োগবান্ধব শুল্ক ও কর হ্রাসের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

এ ছাড়া ভূমিভিত্তিক ও ভাসমান সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি দক্ষতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ জিটুজি পদ্ধতিতে গ্রিড শক্তিশালীকরণ এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের অর্থায়ন অনুমোদনের প্রক্রিয়া দ্রুত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমন্বয় বাড়ানোর বিষয়ে একমত হয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।

এমআর/এআরএম