দেশে চলতি অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ কোটি ৫০ লাখ ডলার বা ১২ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৪ দিনে আসা ১৫১ কোটি ৬০ লাখ ডলার প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৬৪৬ কোটি ৮০ লাখ টাকার সমান। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট এক হাজার ১০ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
এর আগে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
টিএই/এআরএম




