নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে ৫০০ কোটি টাকার চুক্তি করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ কর্মসূচির আওতায় গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) পিকেএসএফের সহকারী মহাব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর অর্থ বিভাগের পক্ষে যুগ্মসচিব মোছা. নাজনীন সুলতানা এবং পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।
এ উদ্যোগ বাস্তবায়নে ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’ নামে একটি বিশেষায়িত কার্যক্রম গ্রহণ করেছে পিকেএসএফ। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন সহজ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে। এ কর্মসূচির লক্ষ্য দেশে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা সুসংহত করা।
পিকেএসএফ মনে করে, এ উদ্যোগ বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎসের ব্যবহার বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়নে বেসরকারি পর্যায়ের অংশগ্রহণ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এএইচ/এএম