Dhaka Mail Logo

অর্থনীতি

রাজস্ব ঘাটতি ও বাড়তি ব্যয়ের চাপে বাড়ছে সরকারি ঋণ নির্ভরতা

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

রাজস্ব আদায়ে ঘাটতি ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নসহ সরকারের বাড়তি ব্যয়ের চাহিদা মেটাতে চলতি বছরের শেষ তিন মাসে ব্যাংক খাত থেকে ৩০ হাজার কোটি টাকার বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে নিট ৩০ হাজার ১০৭ কোটি টাকা সংগ্রহ করবে সরকার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ডিসেম্বর প্রান্তিকের ট্রেজারি বিল-বন্ডের ক্যালেন্ডার থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সরকারের ব্যাংক ঋণের নিট লক্ষ্যমাত্রা ৩০ হাজার ১০৭ কোটি টাকা। এর আগে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ নেওয়ার পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকার বেশি।

সরকারের অর্থের চাহিদা বাড়ার অন্যতম কারণ হিসেবে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে ঘাটতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নকে সামনে আনা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় ২৯ হাজার কোটি টাকা কম হয়েছে। একই সময়ে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে ৫ দশমিক ২৫ শতাংশ।

অন্যদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আগামী তিন বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১ লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থবছরেই অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা। জুলাই, ডিসেম্বর ও আগামী বছরের জুলাইয়ে তিন ধাপে মূল বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে। এছাড়া ২০২৮ সালের জানুয়ারি থেকে কর্মকর্তা-কর্মচারীরা সব ধরনের ভাতা পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক থেকে নেওয়া ঋণ কোন খাতে ব্যয় করা হবে, তা নির্ধারণ করবে অর্থ মন্ত্রণালয়। তবে সরকারের ব্যাংক ঋণ বাড়লে এর সঙ্গে সুদ পরিশোধের ব্যয়ও বাড়বে। এতে ভবিষ্যতে সরকারের রাজস্ব আয়ের ওপর আরও চাপ তৈরি হতে পারে।

এমআর/এসআই