নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম
সপ্তাহে শুক্রবার দিনটি এলেই রাজধানীর বিভিন্ন বাজারে বাড়তে থাকে সবজির দাম। ছুটির দিনে ক্রেতার চাপ বাড়ায় চাহিদার সঙ্গে সঙ্গে বাড়ে সবজির দামও। মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া ও আগারগাঁও এলাকার বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, প্রায় সব দোকানেই ক্রেতাদের ভিড়। কেউ সপ্তাহের বাজার করছেন, আবার কেউ পরিবারের প্রয়োজন অনুযায়ী মাছ, মাংস ও সবজি কিনছেন। বিক্রেতারা বলছেন, অন্য দিনের তুলনায় শুক্রবার ক্রেতা বেশি থাকায় বাজারে সবজির চাহিদাও বাড়ে। এর সঙ্গে পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও তার প্রভাব পড়ে।
বাজারে আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৮০ টাকা, করলা ১২০ টাকা, ঝিঙা ১২০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সিমের দাম কেজিতে ২২০ টাকা পর্যন্ত উঠেছে। ঢেঁড়স ৮০ টাকা, কচু ৮০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপির আকারভেদে দাম চাওয়া হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা।
বিক্রেতারা বলছেন, শুধু শুক্রবারের চাহিদা নয়, সবজির দাম নির্ধারণে পাইকারি বাজারের দর, সরবরাহ, পরিবহন ব্যয় ও মৌসুমের প্রভাব রয়েছে। শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করলে কয়েকটি সবজির দাম কমতে পারে। তবে শুক্রবারে বাড়তি চাহিদার কারণে বাজারে দামের চাপ কিছুটা বেশি থাকার আশঙ্কা করছেন তারা।
কাজীপাড়া বাজারে হাসান নামের এক সবজি বিক্রেতা বলেন, শুক্রবার ক্রেতা বেশি হওয়ায় পাইকারি বাজারেও চাহিদা বাড়ে। অনেক সময় সেখান থেকে বেশি দামে সবজি কিনতে হয়। ফলে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে খুচরা বাজারে দাম কিছুটা বাড়াতে হয়।
মিরপুরের আরেক বিক্রেতা মাজহার বলেন, শুক্রবারে পরিবারের অনেকেই ছুটিতে থাকেন। এদিন একসঙ্গে কয়েক দিনের বাজার করার প্রবণতা বেশি। ফলে বেগুন, সিম, কাঁচা মরিচ ও অন্যান্য সবজির চাহিদা বেড়ে যায়। সরবরাহ কম থাকলে তখন দাম বাড়ে।
তবে ক্রেতাদের অভিযোগ, শুক্রবারকে কেন্দ্র করে দাম বাড়ার বিষয়টি এখন নিয়মিত হয়ে গেছে। শেওড়াপাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, সপ্তাহের অন্য দিন যে সবজির দাম কিছুটা কম থাকে, শুক্রবার সেটির দাম বেশি চাওয়া হয়। ফলে ছুটির দিনে বাজার করতে এসে বাড়তি টাকা গুনতে হচ্ছে।
শেওড়াপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা সেলিনা আক্তার বলেন, আগে পরিবারের জন্য একসঙ্গে বেশি পরিমাণ সবজি কিনতেন। এখন দাম বেশি থাকায় প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে। একেকটি পণ্যের দাম ১০ থেকে ২০ টাকা বেশি হলে পুরো বাজারের খরচে তার প্রভাব পড়ে।
মিরপুর ৬ এলাকার আরেক ক্রেতা মাইনুল হাসান বলেন, শুক্রবার বাজারে মানুষের ভিড় বেশি থাকে। এই সুযোগে কোনো কোনো বিক্রেতা বেশি দাম চান। একই বাজারে পাশাপাশি দোকানে একই সবজির দামেও পার্থক্য দেখা যায়। তাই বাজারে আসার আগে দাম সম্পর্কে ধারণা না থাকলে ক্রেতাদের বেশি টাকা দিতে হয়।
এএইচ/এফএ