Dhaka Mail Logo

অর্থনীতি

জ্বালানি তেলের কোনটিতে কত বাড়লো? 

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন প্রতি লিটার ১১৫ টাকায় বিক্রি হওয়া ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা হয়েছে। অর্থাৎ এ জ্বালানির দাম বেড়েছে ২০ টাকা। ১৩৫ টাকা থেকে কেরোসিনের দামও ২০ টাকা বেড়ে হয়েছে ১৫৫ টাকা।

অন্যদিকে, অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে। অর্থাৎ অকটেন ও পেট্রোলের দামও লিটারে ২০ টাকা করে বেড়েছে।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। সর্বশেষ বড় ধরনের মূল্য সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।

এমআর/এআরএম