রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো আর্থিক প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো আর্থিক প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্যাংক। ছবি- সংগৃহীত

ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের চলতি মূলধন জোগানে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোও অংশ নিতে পারবে।

রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, তহবিলে অংশ নিতে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ২০ শতাংশের মধ্যে থাকতে হবে। পাশাপাশি পর্যাপ্ত মূলধন, নগদ জমা সংরক্ষণ (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ (এসএলআর) বজায় রাখা, একক গ্রাহক ঋণসীমা মেনে চলা এবং অন্তত তিন বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে।

গত জুনে তিন বছরের প্রাথমিক মেয়াদে গঠিত এ তহবিল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে অর্থ নিয়ে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ বা বিনিয়োগ করতে পারবে। ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকিং শাখাগুলো নিজস্ব শরিয়াহ নীতিমালা অনুসরণ করে তহবিল ব্যবহার করতে পারবে।

সিআইবিতে খেলাপি হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি এ তহবিলের অর্থ পাবেন না। তবে আগের পুনঃঅর্থায়ন বা প্রি-ফাইন্যান্সিং সুবিধা নেওয়া গ্রাহকেরা নির্দিষ্ট শর্তে নতুন সুবিধা পেতে পারবেন। ঋণ পরিশোধে ৩ থেকে ৬ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

নতুন ব্যবস্থায় সিএমএসএমই খাতে অর্থায়নের সুযোগ বাড়লেও নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারা আর্থিক প্রতিষ্ঠানগুলো এ সুবিধার বাইরে থাকবে।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর