Dhaka Mail Logo

অর্থনীতি

যাত্রীর অস্বীকার, এক্স-রে পরীক্ষায় মিলল ১৪ লাখ টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

বেনাপোল ইমিগ্রেশন এলাকায় ভারতে যাওয়ার পথে আল মামুন নামের এক যাত্রী স্বর্ণ বহনের কথা অস্বীকার করলেও এক্স-রে পরীক্ষায় ধরা পড়েছে রেকটামে লুকানো স্বর্ণ।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযানকালে বেনাপোল ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্টের কাছে ওই যাত্রীর শরীরের অভ্যন্তর থেকে ৮২ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শনিবার বেনাপোল ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বেনাপোল সার্কেল। এ সময় ভারতগামী সন্দেহভাজন যাত্রী আল মামুনকে থামিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।

জিজ্ঞাসাবাদে যাত্রী স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে তার আচরণে সন্দেহ হওয়ায় অধিকতর নিশ্চিত হতে শরীরের এক্স-রে পরীক্ষা করা হয়। এতে তার রেকটামে স্বর্ণ সদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।

পরে জিজ্ঞাসাবাদে যাত্রী শরীরের অভ্যন্তরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক স্বর্ণ কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে সীমান্ত অতিক্রমের এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমআর/এএম