Dhaka Mail Logo

অর্থনীতি

১ লিটারের সয়াবিন তেল উধাও, খোলা বাজারেও চড়া দাম

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না। বিশেষ করে আধা লিটার ও এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও মিললেও ক্রেতাদের ফিরতে হচ্ছে দুই বা পাঁচ লিটারের বোতল নিয়ে। ফলে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
 
বিক্রেতাদের অভিযোগ, সর্বশেষ ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম বাড়ানোর পরও কোম্পানিগুলো বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়ায়নি। পরিবেশকদের কাছে একাধিকবার চাহিদা জানিয়েও কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না তারা। সংকটের কারণে অনেক দোকানি এখন ক্রেতার চাহিদা মেটাতে খোলা সয়াবিন তেল বিক্রি করছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

মুদি দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, আধা লিটার ও এক লিটারের বোতলজাত সয়াবিনের সরবরাহ সবচেয়ে বেশি সংকুচিত হয়েছে। কয়েকটি কোম্পানি বাজারে তেল দিলেও মূলত দুই ও পাঁচ লিটারের বোতল সরবরাহ করছে। ফলে ছোট পরিবারের ক্রেতাদের পড়তে হচ্ছে বিপাকে।

যাত্রাবাড়ী মুদি মার্কেটে তেল কিনতে আসা জাবের বলেন, আমার এক লিটার তেল প্রয়োজন ছিল। কয়েকটি দোকানে খুঁজেও পাইনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুই লিটারের বোতল কিনেছি। বেশি টাকা চলে যাওয়ায় অন্য সদাই না নিয়েই বাসায় ফিরতে হচ্ছে।

দোকানদার সবুজ আলম বলেন, পাঁচ লিটার তেল কিনলেও ক্রেতারা ৫-১০ টাকা কম দেওয়ার চেষ্টা করেন। এখন আমাদের মুনাফাই মাত্র ৫ টাকা। অর্থাৎ হাজার টাকা বিনিয়োগ করে লাভ হচ্ছে ৫ টাকা। এর মধ্যেও কোম্পানি তেল দিচ্ছে না। সবাইকে জিম্মি করে রেখেছে।

বিক্রেতারা জানান, বোতলজাত তেলের সংকটের কারণে ক্রেতাদের একটি অংশ এখন খোলা সয়াবিনের দিকে ঝুঁকছেন। এর সুযোগে খোলা তেলের দামও বেড়েছে।

বাজারে বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ২০৫ থেকে ২০৮ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর পাম তেলের দাম উঠেছে ১৮০ থেকে ১৮৫ টাকা লিটার।

এমআর/এএস