Dhaka Mail Logo

অর্থনীতি

একই পণ্য, বাজারভেদে দামের পার্থক্য

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

সরকারি হিসাবে নিত্যপণ্যের কয়েকটির দাম কমেছে। কিন্তু রাজধানীর বাজারে গিয়ে মিলছে ভিন্ন চিত্র। একই পণ্য, একই দিন, অথচ বাজার বদলালেই বদলে যাচ্ছে দাম। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে স্বাভাবিক দামে পাওয়া গেলেও মিরপুর বাজারে তুলনামূলক বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। মিরপুর বাজারে সরু চাল ৭৫ থেকে ৮০ টাকা, মাঝারি চাল ৫৫ থেকে ৬০ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বড় দানার মসুর ডাল ৮২ টাকা, মাঝারি দানার মসুর ১৩৫ টাকা এবং ছোট দানার মসুর ডাল ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অ্যাঙ্কর ডাল ৬০ টাকা এবং ছোলা ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে কারওয়ান বাজারে একই ধরনের চাল, ডাল ও ছোলা ২ থেকে ৫টাকা কম দামে বিক্রি হতে দেখা গেছে। সরু চাল ৭২ টাকা, মাঝারি চাল ৫২- ৫৫ টাকা এবং মোটা চাল ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বড় দানার মসুর ডাল ৭৮ টাকা, মাঝারি দানার মসুর ১৩০ টাকা এবং ছোট দানার মসুর ডাল ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অ্যাঙ্কর ডাল ৫৮ টাকা এবং ছোলা ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিরপুর বাজারের তুলনায় কারওয়ান বাজারে এসব পণ্য কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। 

ক্রেতা আ. সালাম বলেন, ‘বাজার করতে গেলে এখন এক দোকানের দামে পণ্য কিনে চলে আসা যায় না। আগে কয়েকটা দোকানে দাম জিজ্ঞেস করতে হয়। একই জিনিসের দাম একেক জায়গায় একেক রকম। 

বিক্রেতা শাজাহান মিয়া বলেন, ‘বাজারভেদে দামের কিছু পার্থক্য থাকেই। আমরা যে দামে পাইকারি বাজার থেকে পণ্য কিনি, তার সঙ্গে পরিবহন, দোকান ভাড়াসহ অন্যান্য খরচ থাকে। আবার পণ্যের মান অনুযায়ী দামও আলাদা হয়। পাইকারি বাজারে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করতে পারি।’

এএইচ/এআরএম