Dhaka Mail Logo

অর্থনীতি

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাড়াতে সৌরবিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে নির্দিষ্ট নয় ধরনের সরঞ্জাম ও যন্ত্রাংশ আমদানিতে প্রযোজ্য কাস্টমস ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি ও আগাম কর থেকে অব্যাহতির কথা জানানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে। তবে অব্যাহতি পেতে আমদানিকারক ও পণ্যকে নির্ধারিত কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্টিল ও অ্যালুমিনিয়ামের মাউন্টিং স্ট্রাকচার, ফটোভোলটাইক ডিসি ও এসি জেনারেটর, সোলার ইনভার্টার, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, সোলার প্ল্যান্ট মনিটরিং বা নিয়ন্ত্রণ ব্যবস্থা, সোলার ফটোভোলটাইক মডিউল/প্যানেল এবং ব্যাটারি থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম এ সুবিধার আওতায় থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট পণ্যের ওপর আমদানি পর্যায়ে প্রযোজ্য কাস্টমস ডিউটি, যা মূল্যভিত্তিক এক শতাংশের অতিরিক্ত, সেই পরিমাণের সঙ্গে প্রযোজ্য মূল্য সংযোজন কর, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক ও আগাম কর থেকে নির্ধারিত শর্তে অব্যাহতি দেওয়া হবে।

যেসব শর্ত মানতে হবে

শর্ত অনুযায়ী, অব্যাহতি সুবিধা নিতে আমদানিকারক প্রতিষ্ঠানকে ‘ভ্যাট কমপ্লায়েন্ট’ হতে হবে। অর্থাৎ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অধীনে নিবন্ধিত হয়ে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ, কর চালান ও দাখিলপত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করতে হবে।

এ ছাড়া সোলার প্যানেল ও ফটোভোলটাইক জেনারেটরের অংশ হিসেবে আমদানি করা লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে নতুন মডেলের প্রস্তুতকারকের সনদ (Manufacturer’s Certificate) শুল্কায়নের সময় দাখিল করতে হবে।

ফটোভোলটাইক জেনারেটরের অংশ হিসেবে আমদানি করা লিথিয়াম ব্যাটারি IEC-62619:2022 মানসম্পন্ন হতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো অ্যাক্রেডিটেড প্রতিষ্ঠান বা ল্যাবরেটরির দেওয়া প্রত্যয়নপত্র শুল্কায়নের সময় দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আমদানিকৃত পণ্য কেবল সৌরবিদ্যুৎ উৎপাদন-সংশ্লিষ্ট প্ল্যান্ট বা সিস্টেম তৈরির ক্ষেত্রে বিক্রি বা সরবরাহ করা যাবে। এক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (BSREA) এর প্রেসিডেন্ট/সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র শুল্কায়নের সময় সংশ্লিষ্ট কাস্টমস হাউস বা কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে।

আমদানি ও শুল্কায়ন সংক্রান্ত অন্যান্য শর্তও যথাযথভাবে পালন করতে হবে। এসব শর্ত পালন করা হয়েছে কিনা, তা সংশ্লিষ্ট শুল্কায়নকারী কর্মকর্তা যাচাই করে নিশ্চিত করবেন। এরপর সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার বা সহকারী কমিশনার পর্যায়ে শুল্কায়ন অনুমোদন করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এটি অবিলম্বে কার্যকর হবে এবং জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

এমআর/এফএ