বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

রুফটপ সোলার বিস্তার ঘটাতে নতুন উদ্যোক্তা ও সেবা নেটওয়ার্ক গড়ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

রুফটপ সোলার বিস্তার ঘটাতে নতুন উদ্যোক্তা ও সেবা নেটওয়ার্ক গড়ছে সরকার
দেশে রুফটপ সোলারের বিস্তার ঘটাতে চায় সরকার। ছবি- সংগৃহীত

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রুফটপ সোলারের বিস্তার ঘটাতে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে জেলা ও ভৌগোলিক এলাকাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে গ্রাহকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধা দিতে এসব সার্ভিস প্রোভাইডার কাজ করবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বৃহস্পতিবার সারাদেশে একযোগে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ ও নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে পারবে।

Solar_power_1
নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। ছবি- সংগৃহীত

স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগেও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। ফলে নতুন ও স্থানীয় উদ্যোক্তারা অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে এ খাতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।

সরকারের লক্ষ্য, রুফটপ সোলারকে শুধু বড় প্রতিষ্ঠান বা শহরকেন্দ্রিক ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়া। এর মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উদ্ভাবনী বিনিয়োগ ও সেবা প্যাকেজ তৈরির পাশাপাশি সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতাও তৈরি হবে।

রুফটপ সোলারে বিনিয়োগ বাড়াতে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ ও স্বল্পসুদে অর্থায়ন এবং নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অর্থায়নের সুযোগ সম্প্রসারণের বিষয়েও সরকার কাজ করছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার গ্রাহক ও উদ্যোক্তাদের এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার ওপর।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রুফটপ সোলার থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে

কৌশলপত্রের মূল লক্ষ্য হলো নিরাপদ, সাশ্রয়ী, টেকসই ও নিম্ন-কার্বন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও জলবায়ু-সহনশীল উন্নয়নকে এগিয়ে নেওয়া। এ লক্ষ্য অর্জনে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।

বিদ্যুৎ বিভাগ আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে রুফটপ সোলার দেশের জ্বালানি রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। পঞ্চগড় থেকে পটুয়াখালী এবং কুড়িগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দেশের সব অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাকে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাময় বাজারে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

এমআর/এএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর