Dhaka Mail Logo

অর্থনীতি

রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা স্থগিত, তবে স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন সামিয়া ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩০ আগস্টের ১৪৪ নম্বর স্মারকমূলে রিহ্যাবের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি।

রিহ্যাবের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করে মন্ত্রণালয় এই ব্যাখ্যা দিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, রিহ্যাবের সভাপতি ড. আলী আহকান গত ১৬ আগস্ট এ বিষয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা বিষয়টি পর্যালোচনা করে জানায়, শুধু বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এরফলে সংগঠনের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো নিষেধাজ্ঞা নেই।

মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, রিহ্যাবের অফিস সচিব এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এমআর/এএম