Dhaka Mail Logo

অর্থনীতি

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে মিলবে যে সুবিধা

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম

আয়কর রিটার্ন সময়মতো দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন কর প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

নতুন বিধান অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত (এইচইউএফ) করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে এ কর প্রণোদনা প্রযোজ্য হবে। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা পাওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৩(২) অনুযায়ী পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা, যেটি বেশি হবে, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। 

আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি হবে, সেই পরিমাণ অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের শুরুতেই কর ছাড়ের সুবিধা দেওয়ার ফলে আরও বেশি করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন। এতে স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রমও অধিকতর দক্ষ ও সুশৃঙ্খল হবে।

সংস্থাটি আরও জানায়, গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ পাবেন। সঠিকভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহও করা যাবে।

এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

এনবিআর করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করে ৫ শতাংশ পর্যন্ত কর ছাড়ের সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এমআর