রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ওজনে কম বিস্কুট বাজারজাত, নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

ওজনে কম বিস্কুট বাজারজাত, নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম ওজনের বিস্কুট বাজারজাত এবং একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(৪১) ধারা অনুযায়ী এ জরিমানা করেন। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় সহায়তা দেন।

2

বিএসটিআই জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত আইনের পরিপন্থী।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটানোর নির্দেশ দেন। একইসঙ্গে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে বিএসটিআইর প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম), পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে তাদের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর