Dhaka Mail Logo

অর্থনীতি

ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রফতানি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জোটের ২৭টি দেশের মধ্যে ১৫টিতেই পোশাক রফতানি কমেছে। ইইউ বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার, যেখানে দেশের মোট রফতানি আয়ের অর্ধেকের বেশি আসে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিজিএমইএ ও বিকেএমইএর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধান ইইউ বাজার জার্মানিতে পোশাক রফতানি ১১ দশমিক ৫ শতাংশ কমে ৪৯৫ কোটি ডলার থেকে ৪৩৮ কোটি ডলারে নেমেছে। ফ্রান্সে প্রায় ৯ শতাংশ কমে রফতানি হয়েছে প্রায় ১৯৭ কোটি ডলার এবং ইতালিতে ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪২ কোটি ডলারে। ডেনমার্ক, বেলজিয়াম, আয়ারল্যান্ড, রোমানিয়াসহ আরও কয়েকটি দেশেও রফতানি কমেছে।

অন্যদিকে স্পেনে ৬ শতাংশ বেড়ে রফতানি হয়েছে ৩৬০ কোটি ডলার। এছাড়া নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাতভিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস ও বুলগেরিয়াসহ কয়েকটি দেশে রফতানি বেড়েছে।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানের মতে, গ্যাস-বিদ্যুৎ সংকট, উচ্চ সুদহার, উৎপাদন ব্যয় ও শ্রমিক মজুরি বৃদ্ধি, পাশাপাশি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক নীতির প্রভাবে প্রতিযোগী দেশগুলো ইইউ বাজারে বেশি মনোযোগ দেওয়ায় বাংলাদেশের রফতানি কমেছে। বিশেষ করে স্থানীয় মূল্য সংযোজন বেশি হওয়ায় নিট পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি ৩ দশমিক ৩১ শতাংশ কমে ১ হাজার ৯০৬ কোটি ডলারে নেমেছে, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৯৭১ কোটি ডলার। ফলে দেশের মোট পোশাক রফতানিতে ইইউর অংশও ৫০ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৪৯ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে।

টিএই/এএস