নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ০১:২০ পিএম
বাংলাদেশের টেক্সটাইল ও পাট খাতে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (৩০ কোটি ডলার) বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো (Sanko)। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।
বৈঠকে সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার কারণে স্থানীয় পর্যায়ে উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে তারা আগ্রহী। বর্তমানে তুরস্ক থেকে বিভিন্ন টেক্সটাইল পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি, সম্ভাবনাময় বাজার এবং রফতানি সক্ষমতা তাদের বিনিয়োগে উৎসাহিত করেছে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এতে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে উন্নতমানের পণ্য উৎপাদনের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রেতা রয়েছে। স্থানীয় উৎপাদন শুরু হলে নতুন আন্তর্জাতিক ক্রেতাদেরও বাংলাদেশে আনা সম্ভব হবে। পাশাপাশি প্রযুক্তি, দক্ষতা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশের বিদ্যমান টেক্সটাইল শিল্পও উপকৃত হবে।
তারা জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন এবং অংশীদারদের সঙ্গে আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু করা হবে। নির্মাণকাজ শুরুর ১২ থেকে ১৮ মাসের মধ্যেই প্রকল্পটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে সানকোর পক্ষ থেকে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন দ্রুত নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রতিষ্ঠানটি জানায়, আধুনিক ও টেকসই টেক্সটাইল শিল্প গড়ে তুলতে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কয়লাবিহীন জ্বালানি ব্যবস্থার ওপর তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে।
প্রতিনিধিরা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য উৎপাদন বাড়বে এবং বাংলাদেশের বস্ত্র খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। একই সঙ্গে এ ধরনের সফল বিনিয়োগ বিদেশি উদ্যোক্তাদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে।
বৈঠকে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার শিল্পখাতে বিদেশি বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে। তিনি সানকোর বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এমআর/এমআই