বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

রফতানি বাড়াতে ট্রেড লাইসেন্সের মেয়াদও হবে পাঁচ বছর: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

রফতানি বাড়াতে ট্রেড লাইসেন্সের মেয়াদও হবে পাঁচ বছর: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির

দেশের রফতানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ সহজ করতে বুথ ভাড়া সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির। 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে এবং ঘরে বসেই অনলাইনে লাইসেন্স পাওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ এবং ‘৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি মেলা ২০২৬’-এর ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রফতানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে এবং রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের বিকল্প নেই। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে রফতানি বৃদ্ধির স্বার্থে আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে এবং অনলাইনের মাধ্যমে সহজে লাইসেন্স গ্রহণের সুযোগ নিশ্চিত করা হবে।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি।

এ সময় বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার ও লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির খান বক্তব্য দেন।

অনুষ্ঠানে মন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাবনা এবং চীনের কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শোনেন এবং তাদের বিভিন্ন বিষয়ে মতামত দেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রীসহ অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর