Dhaka Mail Logo

অর্থনীতি

শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের ৩ শীর্ষ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২৬, ০১:৩১ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার কর্মস্থলে রদবদল করা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ শফি উদ্দিনকে ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপনে জনস্বার্থে এই পদায়ন ও বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এমআর/এফএ