Dhaka Mail Logo

অর্থনীতি

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম

চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও মন্থর হয়েছে। এ সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশে। একই সঙ্গে দেশের শিল্প খাতও ঋণাত্মক প্রবৃদ্ধিতে চলে গেছে, যা উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রমে ধীরগতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের সাময়িক জিডিপি হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সংশোধিত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা কমে দাঁড়ায় ৩ দশমিক ০৩ শতাংশে। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে। ফলে তিন প্রান্তিকজুড়েই প্রবৃদ্ধির ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি মাইনাস ০ দশমিক ২৮ শতাংশ হয়েছে। অর্থাৎ উৎপাদনমুখী এই খাতে প্রবৃদ্ধি ঋণাত্মক পর্যায়ে নেমে এসেছে। শিল্প খাতের এমন পরিস্থিতি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে কৃষি ও সেবা খাত ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখলেও শিল্প খাতের দুর্বলতার কারণে সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থনীতিবিদদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিনিয়োগে ধীরগতি, আমদানি-রফতানি কার্যক্রমে চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে।

বিবিএস জানিয়েছে, প্রকাশিত এই হিসাব সাময়িক। পরবর্তী সময়ে বিভিন্ন উৎস থেকে আরও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধির হিসাব প্রকাশ করা হবে।

এএইচ/এফএ