নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম
পুঁজিবাজারকে চাঙ্গা করার নামে রোডশোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তার মতে, ভালো ও শক্তিশালী কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা স্বাভাবিকভাবেই ফিরে আসবে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ খান বলেন, ‘রোডশোর নামে অর্থ ব্যয় না করে বাজারে মানসম্পন্ন কোম্পানি আনার উদ্যোগ নিতে হবে। এতে বাজার আরও আকর্ষণীয় হবে এবং বিনিয়োগকারীরা নতুন করে আস্থা পাবে।
তিনি জানান, ব্রোকারেজ হাউসগুলোর অনিয়ম রোধে কমিশন বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। নিয়মিত ও ঘন ঘন অডিটের মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।’
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সুশাসন নিশ্চিত করা জরুরি। বর্তমানে কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ রয়েছে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীও বিএসইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘খ্যাতনামা বহুজাতিক ও বৃহৎ কোম্পানিগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনার জন্য ডাইরেক্ট লিস্টিংয়ের উদ্যোগ নেওয়া হবে। এতে দীর্ঘসূত্রতা কমবে এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলো বাজারে আসতে উৎসাহিত হবে।’
এ সময় তিনি উল্লেখ করেন, ‘আগের সরকারের সময়ে একীভূত হওয়া কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের তুলনায় দায় বেশি রয়েছে। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘দীর্ঘদিনের কারসাজি, সুশাসনের ঘাটতি ও আস্থাহীনতার কারণে দেশের পুঁজিবাজার কাঙ্ক্ষিত গতি পায়নি। অতীতে নানা অনিয়ম ও প্রতারণার কারণে বহু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাজার থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।’
তিনি বলেন, ‘রাজনৈতিক বিবেচনার বাইরে কমিশনের চেয়ারম্যান নিয়োগ এবং বিতর্কিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলো পুঁজিবাজারে আস্থা পুনর্গঠনে সহায়ক ভূমিকা রাখছে। বাজারের স্থিতিশীলতা ফেরাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছা একসঙ্গে কাজ করতে হবে।’
ছায়া সংসদ প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এমআর/এমআই