Dhaka Mail Logo

অর্থনীতি

হুন্ডির ঝুঁকি সম্পর্কে মালয়েশিয়াপ্রবাসীদের সচেতনতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং হুন্ডির মতো অবৈধ লেনদেনের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে মেলাকায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের জন্য সঞ্চয় স্কিম ও সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাও তুলে ধরা হয়।

সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রবাসী বাংলাদেশিদের বৈধ উপায়ে দেশে অর্থ পাঠাতে উদ্বুদ্ধ করতে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

সভাপতিত্ব করেন এনবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মুর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান।

সভায় প্রবাসী কর্মী ও বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হুন্ডিসহ বিভিন্ন অবৈধ লেনদেন ব্যবস্থার ঝুঁকি সম্পর্কে প্রবাসীদের অবহিত করা হয় এবং ব্যাংক ও অনুমোদিত মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাঠানোর সুবিধা তুলে ধরা হয়।

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি প্রবাসীদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি সরকারি ও বেসরকারি ব্যাংকের বিভিন্ন সঞ্চয় স্কিম এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় হাইকমিশনার তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে অগ্রণী মানি ট্রান্সফার, সিবিএল মানি ট্রান্সফার ও এনবিএল মানি ট্রান্সফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিচালিত ৩৬টি শাখার মাধ্যমে এসব প্রতিষ্ঠান প্রবাসীদের নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স সেবা প্রদান করছে।

এমআর/এমআই