images

অর্থনীতি

২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে কাস্টমস

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৬, ০৭:৩২ পিএম

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। 

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বিষয়টি নিশ্চিত করেছে। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় মে মাসজুড়ে এ নিলাম কার্যক্রম পরিচালিত হবে। চট্টগ্রাম বন্দরের ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে নিলাম আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় মে ২০২৬ মাসে ই-অকশন পদ্ধতিতে ২২০ কন্টেইনার পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী ই-অকশন-৪/২০২৬ এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস এবং এসি পার্টস। এ নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) রাখা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুযায়ী ই-অকশন-৫/২০২৬ এর আওতায় ১৭টি লটে ৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি ও লবণ।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ঘরে বসেই অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

এনবিআর জানিয়েছে, পুরো মে মাসজুড়ে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ থাকবে, যাতে নিলাম কার্যক্রম আরও প্রতিযোগিতামূলক হয়। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্ত অনুসরণ করে পণ্য খালাস নিতে হবে।

আগামী ১৪ মে ২০২৬ দুপুর ৩টায় ই-অকশন-৫/২০২৬ এবং ৯ জুন ২০২৬ সকাল ১১টায় ই-অকশন-৪/২০২৬ এর দরপত্র বাক্স খোলা হবে।
চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এমআর/এআরএম