images

অর্থনীতি

বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্ক-এর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ। দক্ষ জনশক্তি, বৃহৎ বাজার এবং কৌশলগত অবস্থানের কারণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময়।

তিনি আরও বলেন, প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ কর্মশক্তি শ্রমবাজারে প্রবেশ করছে, যা শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী জানান, অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণে সরকার কাজ করে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দেবে। তিনি ডেনমার্কের বিনিয়োগকারীদের নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বাংলাদেশের নতুন সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক উন্নয়ন সহযোগিতা থেকে ব্যবসায়িক অংশীদারিত্বে উত্তরণের একটি সফল উদাহরণ। তিনি বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে এবং ডেনমার্ক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ডেনমার্কের বিভিন্ন কোম্পানি-বিশেষ করে Maersk-বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে। এছাড়া, তিনি বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধি ও ডেইরি ভ্যালু চেইন উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

এমআর/এমআই