বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্যাংক প্রধানদের দুর্নীতি-ঘুষের বিরুদ্ধে বাধ্যতামূলক অঙ্গীকারে চিঠি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

ব্যাংক প্রধানদের দুর্নীতি-ঘুষের বিরুদ্ধে বাধ্যতামূলক অঙ্গীকারে চিঠি

দেশের ব্যাংকিং খাতে নৈতিকতা, সুশাসন ও জবাবদিহিতা জোরদার করতে তফসিলি ব্যাংকগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের লিখিত অঙ্গীকার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এতে দুর্নীতি, ঘুষ, ঋণ জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিতে হবে সংশ্লিষ্টদের।

সম্প্রতি ব্যাংকগুলোর কাছে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, চেয়ারম্যান, পরিচালক ও এমডিদের নির্দিষ্ট ফরম্যাটে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে এবং তা নিজ নিজ অফিসকক্ষে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।


বিজ্ঞাপন


অঙ্গীকারনামায় বিশেষভাবে উল্লেখ থাকবে— “দুর্নীতি কিংবা ঘুষ করব না, মানব না, সইব না।” একইসঙ্গে ভুয়া ঋণ, জাল দলিল ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিও দিতে হবে।

বিএফআইইউ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্ন্যান্স, ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণে ঘাটতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ব্যাপক ঋণ জালিয়াতির ঘটনায় খাতটির সুশাসন নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে নৈতিক মানদণ্ড, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এমডি ও প্রধান নির্বাহীদের মানি লন্ডারিং ও এলসি জালিয়াতি প্রতিরোধ সংক্রান্ত পৃথক ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে। এতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই নীতিমালার বাইরে ঋণ অনুমোদন করা যাবে না এবং ভুয়া জামানত বা জাল কাগজপত্র গ্রহণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অঙ্গীকারনামায় আরও বলা হয়েছে, ঘুষ প্রদান ও গ্রহণ—উভয়ই অপরাধ এবং “ঘুষ নেওয়া মানে নিজের আত্মাকে বিক্রি করা।” একইসঙ্গে মানি লন্ডারিং ও অর্থপাচারকে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা বলা হয়েছে।


বিজ্ঞাপন


বিএফআইইউ আরও নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে চেয়ারম্যান, পরিচালক বা এমডি নিয়োগ কিংবা পুনঃনিয়োগের ক্ষেত্রেও এই অঙ্গীকার বাধ্যতামূলক হবে। পাশাপাশি ব্যাংকের দৃশ্যমান স্থানে অভিযোগ বক্স ও কিউআর কোড রাখতে হবে, যাতে কোনো গ্রাহক ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগ জানাতে পারেন। অভিযোগকারীর গোপনীয়তা রক্ষার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া ব্যাংকের লেটার প্যাড ও নথিপত্রে মানি লন্ডারিংবিরোধী সচেতনতামূলক বার্তা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর