নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৭ থেকে ৯ মে পর্যন্ত তিন দিনব্যাপী আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সিএমইএস-গ্লোবাল ইউএসএ-র আয়োজনে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই আয়োজন চলবে।
সোমবার (২৭ এপ্রিল) সেমস-বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। প্রতিষ্ঠানের সভাপতি ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, গ্রুপ পরিচালক অভিষেক দাস এবং বিপণন ও বিক্রয় প্রধান মাহমুদ রীয়াদ হাসান।
আয়োজকেরা জানান, প্রদর্শনীটি খাদ্য ও কৃষি খাতের ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সমন্বিত সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবার মাধ্যমে খাতসংশ্লিষ্ট বিভিন্ন বাস্তবসম্মত সমাধান তুলে ধরা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় বাড়বে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে চারটি সমান্তরাল আয়োজন-‘৯ম ফুড বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬’, ‘৯ম এগ্রো বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬’, ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬’ এবং ‘৬ষ্ঠ ফুড প্যাক প্রদর্শনী ২০২৬’। এসব আয়োজনে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টির বেশি দেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান ১৬০টির অধিক স্টলে অংশ নেবে।
প্রদর্শনীর অংশ হিসেবে আন্তর্জাতিক সেমিনারের পাশাপাশি ‘কফি উৎসব’ আয়োজন করা হবে। এতে কফি বিন ও কফি তৈরির সামগ্রী প্রদর্শনের পাশাপাশি কফি প্রস্তুতকারকদের প্রতিযোগিতার আয়োজন থাকবে।
আয়োজক সূত্র জানায়, এগ্রো খাতের উন্নয়নে পূর্বপ্রস্তুতি হিসেবে ‘এগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে’ শীর্ষক সপ্তাহব্যাপী একটি কার্যক্রম ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণে কৃষি ও খাদ্যপণ্য রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সিএমইএস-গ্লোবাল গত তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬০টির বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে হাজারো প্রতিষ্ঠান ও বিপুলসংখ্যক ব্যবসায়িক দর্শনার্থী।
এমআর/এমআই