images

অর্থনীতি

রেলের সক্ষমতা বাড়াতে ৪৫ কোটি টাকা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও পরিবহন সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার অনুদানে একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকার তিন দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ১২ লাখ টাকার সমান। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘বাংলাদেশে রোলিং স্টক পরিচালনা ও ব্যবস্থাপনার উন্নত প্রকল্প’ শীর্ষক এ প্রকল্পের রেকর্ড অব ডিসকাশন (আওডি) এবং টার্মস অব রেফারেন্স (টিওআর) স্বাক্ষরিত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উন্নত অবকাঠামো ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রেলওয়ের নিরাপত্তা জোরদার এবং যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি এবং এফঅ্যান্ডএফ) মিরানা মাহরুখ। আর দক্ষিণ কোরিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী সিওক-গি কিম।

এফএ