জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
সরকার কৃষকদের জন্য সুদবিহীন ঋণ চালুর কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কৃষকদের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সুফল পাবেন প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী বলেন, কৃষকদের জন্য সুদবিহীন ঋণ প্রদানের কোনো কার্যক্রম সরকার হাতে নেয়নি। তবে ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে সারা দেশের বিপুলসংখ্যক কৃষক সরাসরি উপকৃত হবেন।
আরও পড়ুন: জনগণের টাকার সুরক্ষায় প্রকল্পে কঠোর যাচাই করা হচ্ছে: অর্থমন্ত্রী
তিনি আরও জানান, কৃষিখাতে সহায়তা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় সহজ শর্তে ও তুলনামূলক কম সুদে ঋণ বিতরণ কার্যক্রম চলছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গম ও ভুট্টা উৎপাদন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ১ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যার মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এ স্কিমে কৃষক পর্যায়ে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ।
একইসঙ্গে আমদানি বিকল্প ফসল—যেমন ডাল, তেলবীজ, ভুট্টা ও মশলা চাষে কৃষকদের ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুদ ভর্তুকি দিচ্ছে সরকার।
টিএই/এআর