জনগণের টাকার সুরক্ষায় প্রকল্পে কঠোর যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, কোনো প্রকল্প অনুমোদনের আগে তার প্রয়োজনীয়তা, যৌক্তিকতা এবং নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রয়েছে কি না—এসব বিষয় গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রথম একনেক সভার অ্যাজেন্ডায় ১৯টি প্রকল্প থাকলেও সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। কারণ, অধিকাংশ প্রকল্পই আগের সরকারের সময়ে প্রস্তুত করা হয়েছিল এবং সেগুলো পর্যালোচনা করতে গিয়ে নানা ধরনের অসঙ্গতি ও প্রশ্ন সামনে এসেছে।
আমির খসরু জানান, প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সংশয় দেখা দেওয়ায় বিস্তারিত বিশ্লেষণ করতে হচ্ছে। এ কারণে ১৯টি প্রকল্পের মধ্যে মাত্র ৭টি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, আর দু-একটি প্রকল্প আরও বিবেচনার জন্য রাখা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে সেটি সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেসব প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ও ব্যয়ের যৌক্তিকতা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। কমিটিকে অতীতের প্রকল্পগুলোতে কোনো অনিয়ম বা অযৌক্তিকতা ছিল কি না, তা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিগত সময়ে অনেক প্রকল্প যথাযথ যাচাই ছাড়াই গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, এখন থেকে জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করেই প্রকল্প গ্রহণ করা হবে।
এএইচ/এএইচ

