জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
রেললাইন পার হতে গিয়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে যশোরের বিভিন্ন এলাকায়। কোথাও ইজিবাইক, কোথাও ট্রাক কিংবা কাভার্ডভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ঝরছে প্রাণ। দুর্ঘটনার পর তদন্ত, অভিযোগ আর দায় ঠেলাঠেলি চললেও ঝুঁকিপূর্ণ রেলক্রসিং নিরাপদ করতে নেই কোনো কার্যকর উদ্যোগ।
যশোরের তিন রেলপথের ১৮৩টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ১০১টিই অবৈধ। বৈধ ৮২টির মধ্যে ৩৮টিতেও নেই গেটম্যান। ফলে গেটবার, গেটম্যান কিংবা পর্যাপ্ত সতর্কতাবিহীন এসব ক্রসিং দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে জনসাধারণ।
গত এক দশকে রেলক্রসিং ঘিরে এই অঞ্চলে ছোট-বড় অন্তত ৪৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। আহতদের অনেকেই পঙ্গুত্ব নিয়ে কাটাচ্ছেন অসহায় জীবন।
গত ৪ নভেম্বর ঝিকরগাছার জয়কৃষ্ণপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি কাভার্ডভ্যান। গুরুতর আহত চালক আতিয়ার রহমান পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ২৬ সেপ্টেম্বর যশোর সদরের কৃষ্ণবাটি লেভেল ক্রসিংয়ে বেনাপোল থেকে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি ইজিবাইক। ঘটনাস্থলেই মারা যান চালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। গুরুতর আহত হন আরও দুজন। দুটি ক্রসিংই ছিল অরক্ষিত।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের পশ্চিমাঞ্চলের তথ্য অনুযায়ী, যশোর রেলওয়ে জংশন থেকে যশোর-বেনাপোল, যশোর-কোটচাঁদপুর ও যশোর-খুলনা রুটের যশোর অংশে ১৮৩টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ১০১টি অনুমোদনহীন। বৈধ ৮২টির মধ্যে ৩৮টিতে নেই গেটম্যান। অর্থাৎ, এসব রেলপথের বড় একটি অংশেই নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই।
ক্রসিং আছে, নিরাপত্তা নেই
যশোর-বেনাপোল রেলপথের ২৮টি লেভেল ক্রসিংয়ের মধ্যে চারটি ছাড়া বাকি ২৪টিতে নেই ব্যারিয়ার। এসব ক্রসিং দিয়ে প্রতিদিন রিকশা, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। রেল আসার সময় চালক ও পথচারীদের নিজ দায়িত্বে সতর্ক হয়ে লাইন পার হতে হয়।
যশোর-কোটচাঁদপুর রেলপথের খড়কি এলাকায় আধা কিলোমিটারের মধ্যে রয়েছে সাতটি লেভেল ক্রসিং। সবগুলোই অবৈধ। স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন সড়ক নির্মাণের সময় এসব ক্রসিং তৈরি হয়েছে। অথচ ক্রসিংগুলোতে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।
খড়কি ধোপাপাড়ার সড়কটি যশোর পৌরসভার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ। সড়কটির মাঝ দিয়ে গেছে যশোর-কোটচাঁদপুর রেললাইন। ঢাকা, রাজশাহীসহ উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের ব্যস্ত এই রেলপথে ক্রসিং থাকলেও সেখানে নেই গেটম্যান কিংবা ব্যারিয়ার। সতর্কতামূলক সাইনবোর্ড থাকলেও তা বিবর্ণ ও অস্পষ্ট।
সরেজমিনে দেখা যায়, রেললাইন পার হচ্ছে রিকশা, ইজিবাইক ও ব্যক্তিগত যানবাহন। এর মধ্যেই হঠাৎ সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে ছুটে যায় ট্রেন। মুহূর্তের জন্য থমকে দাঁড়ান পথচারীরা। ট্রেন চলে যাওয়ার পর আবারও শুরু হয় যান চলাচল।
খড়কি এলাকার বাসিন্দা মোহাম্মদ আল-আমিন বলেন, এলাকার মানুষের যাতায়াতের প্রয়োজনেই ক্রসিংটি তৈরি হয়েছে। কিন্তু কোনো গেটম্যান বা ব্যারিয়ার নেই। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে।
তপপিডাঙ্গা এলাকার ভ্যানচালক আলমের অভিজ্ঞতাও একই। তিনি বলেন, এই গেটে প্রায় দুর্ঘটনা ঘটে। গেটম্যান না থাকায় আমরা একজন দাঁড়িয়ে গেটম্যানের দায়িত্ব পালন করি। যখন কেউ থাকে না, তখন ছোট-বড় দুর্ঘটনা ঘটেই।
দায় ঠেলাঠেলি দুই দফতরের
রেল কর্তৃপক্ষের দাবি, অনুমোদনহীন ক্রসিংগুলো স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সরকারি সংস্থা সড়ক নির্মাণ করতে গিয়ে তৈরি করেছে। এসব ক্রসিংয়ের কারণে ট্রেন চলাচল ও মানুষের নিরাপত্তা দুটিই ঝুঁকির মুখে পড়ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে অবহিত করা হলেও ক্রসিংয়ের সংখ্যা কমছে না। তবে সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বলছে, রেলক্রসিংয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে রেল বিভাগকে আগেই জানানো হয়েছে।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক রুহুল আমিন বলেন, সরকারি দফতরগুলোর মধ্যে সমন্বয় নেই। ফলে দিন দিন বাড়ছে অবৈধ ক্রসিং। এসব ক্রসিং একেকটি মৃত্যুফাঁদ। দ্রুত এগুলো বন্ধ করা কিংবা মানুষের যাতায়াত নিরাপদ করতে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি পথচারীদেরও সচেতন হতে হবে।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, অবৈধ রেলক্রসিংগুলো অরক্ষিত থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হচ্ছে। রেলওয়ের প্রকৌশল দফতর বিষয়টি তদারকি করে থাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও রয়েছে।
যশোর অঞ্চলের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ বলেন, অবৈধ লেভেল ক্রসিংগুলো তৈরি করেছে স্থানীয় বাসিন্দা কিংবা সরকারি সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান। অবৈধ গেটের দুপাশে সাবধান বোর্ড স্থাপন করে দিয়েছি, আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দিই। চিঠির পরিপ্রেক্ষিতে তারা গেটের বৈধতা চাইলে পদক্ষেপ নেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রতিনিয়ত রেললাইন পরিদর্শন করা হয়, যাতে কেউ নতুন করে অবৈধ ক্রসিং তৈরি করতে না পারে। অবৈধ ক্রসিং তৈরির চেষ্টা হলে প্রতিরোধ করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলাও করা হচ্ছে। এসব ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ের বিষয় মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ২০১৮ সালে রেলক্রসিংগুলোতে গেটম্যান দেওয়ার জন্য রেল বিভাগকে অবহিত করা হয়েছিল। সেই চিঠির বর্তমান অবস্থা আমার জানা নেই।
প্রতিনিধি/এফএ