শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী

যশোরের ‘দুঃখ’ খ্যাত ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানে জনগণের মতামত ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন সরকারের তিন মন্ত্রী। ভবদহ সমস্যার সমাধানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আগামী মৌসুমেই জলাবদ্ধ এলাকার কৃষকরা যেন জমিতে ফসল ফলাতে পারেন, সে লক্ষ্যেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভবদহ জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আসবে। এর মধ্যে ভবদহ এলাকার ৫ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উপযোগী করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শনিবার যশোর কারেক্টরেট সভাকক্ষে ভবদহ জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রীরা। পরে তারা ভবদহের জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। ভবদহ সমস্যার সমাধান জনগণের ইচ্ছা অনুযায়ীই হবে। দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করতে চায় সরকার।

তিনি বলেন, ভবদহ অঞ্চলের মানুষ যেন আগামী মৌসুমেই জমিতে কৃষিকাজ করে ফসল ঘরে তুলতে পারেন, সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএমের (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রীও ভবদহ সমস্যা সমাধানে গুরুত্ব দিচ্ছেন। দ্রুত পানি নিষ্কাশন করে জমি চাষের আওতায় আনার নির্দেশনা রয়েছে।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর অন্যতম। এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে এবং প্রতিটি জমিতে ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে। এ কাজে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করা হচ্ছে। জনগণের মতামত ও ভুক্তভোগীদের পরামর্শের ভিত্তিতেই এ সমস্যার সমাধান করতে চায় সরকার।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সভাপতিত্ব করেন। এতে যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলামসহ ভবদহ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ভবদহ জলাবদ্ধতার অতীত ও বর্তমান পরিস্থিতি, সমস্যার কারণ, বিগত সময়ে নেওয়া পদক্ষেপ, নদ-নদীর অবস্থা এবং পরিবেশ ও জনজীবনে জলাবদ্ধতার প্রভাব তুলে ধরা হয়।

সভা শেষে মন্ত্রীরা সফরসঙ্গীদের নিয়ে ভবদহের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর