Dhaka Mail Logo

সারাদেশ

আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে মাদারীপুরের রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়ি যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’ 

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদারীপুরের টেকেরহাট এলাকায় সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে ওসি বলেন, ‘ধন্যবাদ আপনাদের সবাইকে। গত রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’

ওসির এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে ওসি শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আন্দোলনকারীরা যাতে কোনো ভাঙচুর ও নাশকতা না চালায়, তাই এ কথা বলেছি। আন্দোলনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পুলিশ বা সাধারণ মানুষের ওপর হামলা চালাতো তাহলে প্রাণহানির ঘটনা ঘটতেও পারতো। এমন শঙ্কা থেকেই এসব কথা বলেছি।’

অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জরুরি যানবাহন চলাচল নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান তারা। এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে ওসি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি না করার কথা বলেছেন এমপি জাহান্দার আলী নিজেই।  

অবরোধকারীদের উদ্দেশে ওসি বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না, আগ্রাসী ভূমিকা নিয়ে আমরা বা আমি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাসায় হামলা করেছি বা হয়রানি করেছি। এখানকার এমপি বলেছেন- ‘আমি (জাহান্দার আলী মিয়া) আওয়ামী লীগের ভোটে নির্বাচিত। এখানে ১০ বা ১৫ শতাংশ অন্য দলের ভোটার। বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু আমাকে (এমপি) ভোট দিয়েছেন।’

প্রতিনিধি/এসআই