নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে নিজের ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ‘ত্যাজ্য’ ঘোষণা দিয়েছেন বাবা ইদ্রিস মৃধা।
এ বিষয়ে রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে একটি ঘোষণাপত্র তৈরি করেন তিনি।
ইদ্রিস মৃধা বরগুনার আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের বাসিন্দা। তার ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। ছেলের রাজনৈতিক কর্মকাণ্ড ও চলাফেরা নিয়ে অসন্তুষ্ট হয়ে ইদ্রিস মৃধা এ সিদ্ধান্ত নিয়েছেন।
ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ছেলে রাহাত বাবার অবাধ্য হওয়ায় এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ইদ্রিস মৃধা ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সম্প্রতি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় রাহাত মৃধার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ইদ্রিস মৃধা বলেন, আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।
এদিকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চান বলে জানিয়েছেন রাহাত মৃধা।
প্রতিনিধি/এসআই




