Dhaka Mail Logo

সারাদেশ

মতলবে বিএনপির কার্যালয়ে আবারো আগুন, নভেম্বরে ৩ ঘটনায় উদ্বেগ

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। এবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাবইরকান্দি এলাকায় দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়টির একাংশ পুড়ে গেছে। চলতি নভেম্বর মাসে উপজেলায় বিএনপির তিনটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে লাবইরকান্দি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। কার্যালয়টি রাস্তার পাশে হওয়ায় দ্রুত আগুনের বিষয়টি তাদের নজরে আসে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর গত ১৯ নভেম্বর দিবাগত রাতে ১ নম্বর ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ওই ঘটনায় কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ ও বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে যায়।

সর্বশেষ লাবইরকান্দির কার্যালয়ে আগুনের ঘটনায় নিন্দা জানিয়ে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির লস্কর বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাসের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে বলে তারা মনে করেন। তবে বিএনপি কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেয় না। আশা করি, প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ ড. মুহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিএনপি প্রতিবাদ গড়ে তুলবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতনের পর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার সুযোগ হয়নি। বাংলাদেশেও এর পুনরাবৃত্তি হবে না।

মতলব একটি শান্তিপ্রিয় এলাকা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টের দোসররা আগুন সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না। উপজেলা বিএনপি আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে জানানো হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

প্রতিনিধি/এফএ