চাঁদপুরের হাইমচরে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির দায়ে মেসার্স আব্দুল্লাহ স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার চরভৈরবী মাছঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স আব্দুল্লাহ স্টোরে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হাইমচর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, জনস্বার্থ রক্ষা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




