জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
রোববার (২৯ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এর আগে, শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৮ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক, সীমান্তে তাদের অপতৎপরতা প্রতিহত করতে অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রতিনিধি/টিবি