জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী অফিক হাসান অভি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তার বাসা রংপুর জেলার পীরগাছা উপজেলায়।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেরোবি শিক্ষার্থী জাকির জিম জানান, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। অভিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলাম কিন্তু ততক্ষণে সে আমাদের ছেড়ে চলে গেছে।’
এদিকে অভির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
শোকবার্তায় উপাচার্য বলেন, ‘একজন তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারাল। ’
উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ ছাড়াও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক মো. মাসুদ রানা, প্রক্টর মো. ইসমাইল হোসেন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়াও শোক জানিয়েছেন।
প্রতিনিধি/এএম