বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে সেনাসদস্যের বাসা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে সেনাসদস্যের বাসা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

রংপুর নগরীর এক সেনাসদস্যের ভাড়া বাসা থেকে আরিফুল ইসলাম (২৯) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ভগিবালাপাড়া এলাকার সেনাসদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধা জেলার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে শাহীন শেখ (২৫) ও ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়াকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আরিফুল। পরদিন ২৪ নভেম্বর তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে সেনাসদস্য শাহীন শেখের বাসা থেকে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, ধারণা করা হচ্ছে, আরিফুলকে মসলা বাটার শিলপাটা দিয়ে মাথায় আঘাত এবং গলা কেটে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় শাহীন শেখ সেনাবাহিনীর হাতে আটক রয়েছেন। অন্যদিকে রাসেল মিয়াকে আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর