Dhaka Mail Logo

সারাদেশ

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

চায়ের দেশ হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় শীতের আগমনী আবহ প্রকৃতিতেও ভিন্ন মাত্রা যোগ করছে।

জেলার শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি শীতের আমেজ বইতে শুরু করেছে। যদিও অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের প্রভাব কম দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

এদিকে, সকালে শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় হালকা শীতের অনুভূতি নিয়ে দিন শুরু করেন মানুষ। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-বাগানের শ্রমিক, রিকশাচালক ও দিনমজুরদের কাছে শীতের উপস্থিতি কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতায় কমে আসছে শীতের অনুভূতি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আজ সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/টিবি