হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের দাপট। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর উচ্চ আর্দ্রতায় সকাল-সন্ধ্যায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। তবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শীতের প্রকোপ বাড়লেও জীবিকার তাগিদে থেমে নেই নিম্নআয়ের মানুষের কর্মব্যস্ততা। সকাল থেকেই চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা এবং নদীঘাটে কাজে ছুটছেন শ্রমজীবীরা। ভ্যানচালক, দিনমজুর ও রিকশাচালকদেরও কনকনে ঠান্ডা উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে রাস্তায় নামতে হচ্ছে।

তাদের ভাষ্য, সকালে ঠান্ডার প্রকোপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মেলায় কাজে কিছুটা স্বস্তি পাওয়া যায়।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগের ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। এ সময়ে সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, তেঁতুলিয়ায় শুধু রাতেই নয়, সকাল ও সন্ধ্যাতেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে ঠান্ডার অনুভূতি কমছে না। শীত নিবারণে অনেকেই আগুন জ্বালিয়ে হাত-মুখ গরম করছেন। তবে দুপুরে রোদের তাপে কিছুটা স্বস্তি ফিরছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে এ উপজেলায় দেশের অন্যান্য এলাকার তুলনায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
প্রতিনিধি/এমআর




