২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
গ্রামের মাটির রাস্তার দুই পাশে সবজির খেত আর বরইবাগান। রাস্তার পাশে, বাড়ির আঙিনায় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সারি সারি ছোট কাঠের বাক্স। প্রতিটি বাক্সের গায়ে ছোট ছিদ্র। সেই ছিদ্র দিয়ে মৌমাছি কখনো ঢুকছে, আবার কখনো বের হচ্ছে। চারপাশে গুঞ্জন। বাক্সের ভেতরে গড়ে উঠেছে মৌমাছির সংসার, জমছে মধু।
এমন দৃশ্য এখন পরিচিত সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেনের হাত ধরে। প্রায় ১০ বছর ধরে মৌমাছি পালন করছেন তিনি। তবে তার কাজের ধরন কিছুটা আলাদা। সাধারণ মৌচাষের পাশাপাশি তিনি কাজ করছেন ক্ষুদে মৌমাছি নিয়ে। প্রাকৃতিক পরিবেশে গাছের কোটর, পুরনো কাঠের ঘর কিংবা বাড়ির আঙিনায় বাসা বাঁধা মৌমাছির চাক সংগ্রহ করে কাঠের বাক্সে রাখেন। এরপর ফুলের প্রাপ্যতা অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান বাক্সগুলো।
সাদ্দামের কাছে মৌমাছি পালন প্রথমে ছিল শখ, এখন তা পেশায় পরিণত হয়েছে। বর্তমানে তার মৌবাক্সের সংখ্যা দুই শতাধিক। এসব বাক্স থেকে মধু সংগ্রহ ও বিক্রি করে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করেন বলে জানান তিনি। তার দাবি, সব খরচ বাদ দিয়ে বছরে আয় প্রায় চার লাখ টাকা।
সাদ্দাম হোসেন বলেন, অনেকে মৌমাছি চাষ করেন, আমি একটু অন্যভাবে করি। ক্ষুদে মৌমাছি বিভিন্ন গাছের খোল, পুরনো কাঠের ঘর কিংবা বাড়ির আঙিনায় বাসা বাঁধে। সেখান থেকে চাক সংগ্রহ করে বাক্সে রাখি। যে এলাকায় ফুল থাকে, মৌসুম অনুযায়ী সেখানে বাক্স নিয়ে যাই। আমার স্বপ্ন, সাতক্ষীরার প্রত্যেকটি বাড়িতে একটি করে মৌবাক্স থাকবে।

সাদ্দামের মৌচাষের শুরু ছোটবেলার আগ্রহ থেকে। সাতক্ষীরার আলীপুরে মামাবাড়িতে মৌবাক্স দেখে এ কাজে আগ্রহ জন্মে তার। মামার কাছ থেকে মৌমাছি পালন সম্পর্কে প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ নেন। পরে নিজেই শুরু করেন মৌচাষ।
প্রথম দিকে মামার কাছ থেকে দুটি মৌবাক্স নিয়ে কাজ শুরু করেন তিনি। এরপর প্রাকৃতিক পরিবেশে থাকা মৌমাছির চাক সংগ্রহ করে ধীরে ধীরে বাক্সের সংখ্যা বাড়ান। প্রায় ১০ বছরের চেষ্টায় এখন তার দুই শতাধিক মৌবাক্স।
আম, লিচু, বরই, সরিষা ও মেহগনিসহ বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করেন সাদ্দাম। ফুলের মৌসুম অনুযায়ী বছরে তিন থেকে চারবার মধু সংগ্রহের সুযোগ হয়। তার ভাষ্য, একেক ফুলের মধুর স্বাদ ও বৈশিষ্ট্য একেক রকম। একটি বাক্স থেকে বছরে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত মধু পাওয়া যায়।
সাদ্দাম বলেন, সরিষা, বরই, আম, লিচু ও বুনো ফুল থেকে মধু সংগ্রহ করি। ফুলের ভিন্নতায় মধুর স্বাদও ভিন্ন হয়। খুচরা পর্যায়ে প্রতি কেজি মধু এক হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি।
শুধু নিজের উদ্যোগেই সীমাবদ্ধ থাকতে চান না সাদ্দাম। অন্যদেরও মৌচাষে আগ্রহী করে তুলছেন। আশপাশের বাসাবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে বসিয়েছেন তার মৌবাক্স। কোথাও ১০টি, কোথাও ২০টির বেশি বাক্স রয়েছে। তার কাছ থেকে বাক্স নিয়ে এ পর্যন্ত প্রায় ৮০ জন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে মৌচাষ শুরু করেছেন বলে জানান তিনি।
এ ছাড়া সাতক্ষীরার ১০ থেকে ১২ জন বেকার তরুণকে মৌমাছি পালন শেখাচ্ছেন। তাদের প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েও সহযোগিতা করছেন। তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে নিজেরাই মৌবাক্স নিয়ে কাজ শুরু করেছেন।

সাদ্দামের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া এক তরুণ বলেন, সাদ্দাম ভাই আমাদের মৌচাষের প্রশিক্ষণ দিচ্ছেন। শুধু প্রশিক্ষণ নয়, সরঞ্জাম দিয়েও সহযোগিতা করছেন। তার লক্ষ্য, প্রতিটি বাড়িতে একটি করে মৌবাক্স থাকবে। পরিবারের সদস্যরা নিজেরাই মধু সংগ্রহ করতে পারবেন এবং খাঁটি মধুর স্বাদ পাবেন।
সাদ্দামের মতে, বাজারে ভেজাল মধুর অভিযোগ থাকায় অনেকেই মধু কিনতে দ্বিধা করেন। এ পরিস্থিতিতে ক্রেতাদের সামনে মৌচাক থেকে মধু সংগ্রহের প্রক্রিয়া দেখান তিনি। পাশাপাশি চাকসহ মধু বিক্রি করেন, যাতে ক্রেতারা মধুর উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
সাদ্দাম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নিবন্ধিত মৌচাষি। ২০২৩ সালে মৌচাষের অনুমোদন পান তিনি। তার প্রতিষ্ঠানের নাম ‘মৌমাছি কুঠির’। বিসিক থেকে প্রশিক্ষণ ও ঋণসহায়তাও পেয়েছেন।
সাতক্ষীরা বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস বলেন, সাতক্ষীরা উপকূলীয় জেলা হওয়ায় এখানে মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সুন্দরবনের মধু ইতিমধ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর পাশাপাশি জেলার বিভিন্ন মৌচাষিও দেশের নানা এলাকায় মধু সংগ্রহ করছেন।
সাদ্দামের উদ্যোগ সম্পর্কে গৌরব দাস বলেন, তিনি ক্ষুদে মৌমাছি নিয়ে কাজ করছেন, যা প্রচলিত বাণিজ্যিক মৌচাষের চেয়ে আলাদা উদ্যোগ। তার দুই শতাধিক মৌবাক্স রয়েছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করছেন। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন জায়গায় বাক্স বসিয়ে মানুষকে হাতে-কলমে দেখাচ্ছেন, কীভাবে মৌমাছি পালন ও মধু সংগ্রহ করা যায়। বিসিক থেকে তাকে প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

মৌচাষের পথ সব সময় মসৃণ ছিল না সাদ্দামের। অন্যের বরইবাগানের পাশে মৌবাক্স বসাতে গিয়ে আপত্তির মুখেও পড়েছেন তিনি। কিছু চাষির ধারণা, মৌমাছি বরই ফুলে বসলে ফলের আকার ছোট হতে পারে কিংবা ফলন কমে যেতে পারে। তবে সাদ্দামের মতে, মৌমাছি ফুলে ফুলে ঘুরে পরাগায়নে সহায়তা করে। এতে ফসলের উৎপাদন বাড়ারও সুযোগ রয়েছে।
তাই মধু উৎপাদনের পাশাপাশি মৌমাছির উপকারিতা নিয়েও মানুষকে সচেতন করতে চান তিনি। তার স্বপ্ন, সাতক্ষীরার প্রতিটি বাড়িতে থাকবে একটি করে মৌবাক্স। পরিবারের সদস্যরা নিজেরাই মধু সংগ্রহ করবেন। বাড়ির আঙিনা ও বাগানে ফুলে ফুলে ঘুরবে মৌমাছি।
সাদ্দাম বলেন, আমি চাই, সাতক্ষীরার প্রতিটি বাড়িতে একটি করে মৌবাক্স থাকুক। মানুষ নিজের বাড়ির মধু খাবে, খাঁটি মধু চিনতে শিখবে। একই সঙ্গে বেকার তরুণেরা মৌচাষ করে স্বাবলম্বী হতে পারবেন।
প্রতিনিধি/এসআই