Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদাবাজদের জন্য জিয়াউর রহমানের আদর্শকে নস্যাৎ হতে দেব না: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

‘একজন-দুজন চাঁদাবাজি করবেন, আর সমাজে বিএনপির বদনাম ছড়াবে- যারা বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘এই দু-একজন চাঁদাবাজদের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নস্যাৎ হতে দিতে পারি না।’

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা কমিটমেন্ট দিয়ে এসেছি। একজন-দুজন মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমি ধূলিসাৎ হতে দিতে পারি না। একজন-দুজন চাঁদাবাজের কারণে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নস্যাৎ হতে দিতে পারি না। একজন-দুজন চাঁদাবাজি করবেন, আর সমাজে বদনাম ছড়াবে বিএনপির- যারা বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন, তাদের এ সমাজে টিকে থাকার অধিকার নেই।’

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘যদি এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে, তবে চোখ-কান বুজে তাকে গ্রেফতার করবেন। এরা বিএনপির জন্য জঞ্জাল। এরা দলের জন্য আবর্জনা এবং বোঝা। এই কথাকে মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন। আমি আপনাদের সঙ্গে আছি।’

আগামী বছরগুলোতেও চাঁদাবাজরা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে থাকবে এবং সংকটকালীন সময়ে কেউ কেউ আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ বিন হাসান, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসআই