বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদাবাজ ও দুর্বৃত্তায়নের কবলে দেশের অর্থনীতি

মো. মাঈন উদ্দীন
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

চাঁদাবাজ ও দুর্বৃত্তায়নের কবলে দেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি এখন দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজদের দখলে। অর্থনীতিতে চাঁদাবাজ ও দুর্বৃত্তায়ন এতো বেড়েছে যে যেটুকু উন্নয়ন হয় দুর্নীতি ও দুর্বৃত্তায়নের মাঝে তা হারিয়ে যায়। চাঁদাবাজি এবং দুর্বৃত্তায়ন যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে বড় অন্তরায়। এই অশুভ চক্রগুলো বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়।

অর্থনৈতিক উন্নয়নে চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের নেতিবাচক প্রভাব: বিভিন্ন গবেষণা ও অর্থনৈতিক পর্যবেক্ষণে দেখা যায় যে, এই সমস্যাগুলো অর্থনীতির প্রতিটি স্তরকে ক্ষতিগ্রস্ত করে।

প্রবৃদ্ধি ও উন্নয়ন: অর্থনীতিতে উন্নয়ন ঘটাতে হলে অর্থনীতির পথকে সুগম রাখতে হবে। সমাজের দুর্নীতি দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের পথে প্রধান বাধাগুলো দূর করতে হবে। সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী প্রধান বাধাগুলো হলো- দুর্নীতি ও সুশাসনের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতি, বিনিয়োগে অনীহা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়নের অভাব, বাজার ব্যবস্থায় অসম প্রতিযোগিতা, উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি ইত্যাদি।  ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক দুর্নীতি ও জবাবদিহির অভাব দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত।

ঘুষ, স্বজনপ্রীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে দেশি ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। পরিবহন ও বাজার ব্যবস্থায় চাঁদাবাজির কারণে পণ্যের উৎপাদন ও সরবরাহ খরচ বেড়ে যায়। এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপরই বর্তায়। ব্যবসায়ীরা অনেক সময় চাপ সামলে নিতে পারলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চাঁদাবাজির কারণে পুঁজি হারিয়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হন।

দুর্বৃত্তায়নের ফলে অসাধু ব্যবসায়ীরা অবৈধ সুবিধা ভোগ করে এবং সৎ ব্যবসায়ীরা বাজারে টিকে থাকতে পারেন না। এতে সুস্থ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা ভেঙে পড়ে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩.৪৯ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.১৪ শতাংশ হয়েছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৪ শতাংশ। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৩.৭ শতাংশ এবং ২৬-২৭ অর্থবছরে ৪.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। দেশে অর্থনীতির এ দুরবস্থার জন্য দায়ী দুর্বৃত্ত এবং চাঁদাবাজদের দুরাত্মা।

জিডিপির তুলনায় মোট বিনিয়োগ কমে ২৮.৫৪ শতাংশে নেমে এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী, জিডিপির ২৭.৯৩ শতাংশ বিনিয়োগ রেকর্ড করা হয়েছে, যা আগের তুলনায় কিছুটা কম। বিশ্বব্যাংক ও এডিবির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে বেসরকারি বিনিয়োগ ও সামগ্রিক বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতি: নানা ক্ষেত্রে দুর্নীতি ও চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ হচ্ছেন। লাভের অধিকাংশই চাঁদাবাজদের দিতে হয়। এক গার্মেন্টসের ব্যবসায়ী তো বলেই বসেছেন যে চাঁদা না দিলে তাদের গার্মেন্টস শ্রমিকদের বেতন ৪০ হাজারের বেশি দিলেও সমস্যা হবে না। কোন কোন জেলার ব্যবসায়ীরা চাঁদাবাজের ভয়ে অন্য জেলায় পালিয়ে বেড়াচ্ছে। মধ্যস্বত্বভোগী ও সাপ্লাই চেইনের মাঝে ঘাঁটে ঘাটে চাঁদার কারণে শহরের পণ্যের দাম ও কৃষকদের প্রাপ্তির মাঝে ব্যবধান বাড়ছে। ফলে মূল্যস্ফীতি ও বাড়ছে।

অর্থনীতিতে বিভিন্ন খাতে চাঁদা ও দুর্বৃত্তায়ন

বাংলাদেশে চাঁদাবাজির কারণে বছরে অর্থনীতির ঠিক কত টাকা ক্ষতি হচ্ছে, তার কোনো একক সরকারি বা সামগ্রিক পরিসংখ্যান নেই। কারণ চাঁদাবাজি একটি অপ্রাতিষ্ঠানিক ও অবৈধ খাত। তবে বিভিন্ন গবেষণা সংস্থা, শ্বেতপত্র কমিটি এবং ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিবেদনে খাতভিত্তিক ক্ষতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। তবে এক গবেষণায় দেখা গেছে , দেশের বেসরকারি বাস ও মিনিবাস খাত থেকে বছরে প্রায় ১ হাজার ৫৯ কোটি ৩৭ লাখ টাকা চাঁদা ও ঘুষ হিসেবে আদায় করা হয়। এর মধ্যে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারী, হাইওয়ে পুলিশ ও রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত।

অর্থনীতির অবস্থা নিয়ে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী, বিগত ১৭ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির নামে প্রায় ১.৬১ লাখ কোটি থেকে ২.৮০ লাখ কোটি টাকা (১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার) রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ ও প্রকল্প ব্যয় বাড়িয়ে লুটপাট ও অপচয় করা হয়েছে।

টিআইবি-র তথ্যমতে, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। একটি দৈনিক পত্রিকার  প্রতিবেদন অনুযায়ী, সড়কে শুধু পরিবহন শ্রমিক ইউনিয়নের পরিচালন ব্যয়ের নামে বছরে প্রায় ১৫ কোটি টাকা চাঁদা তোলা হয়, যা শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালী ও পুলিশ প্রশাসনের পকেটে যায়। এসব অনাকাঙ্ক্ষিত আরো তথ্য ও ভোগান্তির মূল কারণ হলো আইনের শাসনের অভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি ও দেশপ্রেমের অভাব।

পোশাক খাতে অরাজকতা

বর্তমানে পোশাক খাতে অরাজকতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এ শিল্পকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চলছে। তার মূলে রয়েছে দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজিদের কারসাজি এবং রাজনৈতিক চালবাজি। দেশের অর্থনীতিকে ধ্বংসের পাঁয়তারা যারা করছে তাদের বিরুদ্ধে জনভিত্তি গড়ে তুলতে হবে।

ব্যাংক ও আর্থিক খাতের দুর্নীতি

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশ করে। খেলাপি ঋণের ধাক্কায় অনেক ব্যাংক ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশে অর্থনীতি মূলত ব্যাংকনির্ভর। ব্যাংক খাতের দুর্বলতা অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়ে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি পুরো আর্থিক ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। সরকার ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলছে কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট শ্রেণিকৃত ঋণ ডিসেম্বরে ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা, যা মার্চ ২০২৬ শেষে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, মোট খেলাপি ঋণের হার ২০২৪ সালের ডিসেম্বরের ২০ দশমিক ২০ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে ৩৫ দশমিক ৭৩ শতাংশে পৌঁছায়। পরে তা কমে ২০২৬ সালের মার্চে ৩২ দশমিক ২৬ শতাংশে নেমে আসে। খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী অবস্থা ঠেকাতে না পারলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়বে। ব্যাংক খাতে এসব সংকটের মূলে রয়েছে দুর্বৃত্তায়ন ও নিয়ন্ত্রণ সংস্থার গাফিলতি।

দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, যা একটি অপরাধ। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি করলেও সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতির কারণে এর সুফল জনগণ সঠিকভাবে পাচ্ছে না। জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে বলা হয়েছে, দুর্নীতি সমাজের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করে। প্রশাসনিক সংস্কার, সুশীল সমাজ গঠন এবং ব্যাপক গবেষণার মাধ্যমে দুর্নীতির প্রকৃত কারণ উদ্ঘাটন করে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বর্তমানে দুর্নীতি শুধু সরকারি অফিসের মধ্যেই সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি বাসা বেঁধেছে। মানুষ কেবল অভাবের তাড়নায় দুর্নীতি করে, এটি সত্য নয়। অনেক বিত্তশালী কর্মকর্তাও আরও বেশি অর্থসম্পদ অর্জনের জন্য দুর্নীতি করে। রাজনীতিক, আমলা, ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটি পেশার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সাধারণ মানুষ কমবেশি দুর্নীতি করে। যত দিন যাচ্ছে, দুর্নীতির ব্যাপকতা ততই বাড়ছে।

যতদূর জানা যায়, সরকারি যেসব অফিসে সরাসরি জনসাধারণের যাতায়াত রয়েছে, সেসব অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। যেমন-ভূমি রেজিস্ট্রেশন, গ্যাস-বিদ্যুৎ ও পানি, হিসাবরক্ষণ, আয়কর, ভ্যাট ও কাস্টমস-শুল্ক, থানা-পুলিশ এবং রাজউক ও মিউনিসিপ্যাল ট্যাক্স ইত্যাদি অফিসে সেবাদাতা ও গ্রহিতা উভয়েই দুর্নীতি করছে। আগামীতে সমাজকে দুর্নীতিমুক্ত করার চ্যালেঞ্জ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করে তুলতে, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করে সৎ ও যোগ্য সিনিয়র কর্মকর্তাদের যথাস্থানে পদায়ন করতে হবে। যেকোনো মূল্যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিরোধ করতে হবে। সমাজের সর্বস্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার কোন বিকল্প নেই।

লেখক: অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর