জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
কুষ্টিয়ায় গড়াই নদের বালুমহাল বন্ধ করা নিয়ে বিরোধের জেরে এক ওয়ার্ড জামায়াত নেতার অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জামায়াত নেতার পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হলেও তা অস্বীকার করেছে বিএনপি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য মো. শাহজাহানের অফিস ও বসতবাড়িতে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
হামলার বিষয়ে জামায়াত নেতা মো. শাহজাহান দাবি করেন, গড়াই নদের বালুমহাল থেকে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশের পর জামায়াত নেতাকর্মীরা রাস্তায় ব্লক ফেলে প্রতিবন্ধকতা তৈরি করলে এর জের ধরেই বিএনপির লোকজন তার অফিস ও বাড়িতে হামলা চালায়।
তবে হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। খায়রুল বাসার নামের স্থানীয় এক বিএনপি কর্মী পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত নেতা মো. শাহজাহান এতদিন ওই বালুমহাল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা আদায় করতেন। সম্প্রতি তিনি চাঁদার পরিমাণ বাড়িয়ে দৈনিক এক লাখ টাকা দাবি করেন। চাঁদা না পেয়ে তিনি নিজেই এই হামলার নাটক সাজিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে গুলি ও খোসা উদ্ধার করা হয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি